বিদায়ঘণ্টা বাজছে চ্যাম্পিয়নদের
শহীদ আফ্রিদিকে মনে হচ্ছে ক্রিকেটের আসল সমঝদার!চ্যাম্পিয়নদের বিদায়ঘণ্টা প্রায় বাজিয়ে দেওয়া পরাজয়ের পর পাকিস্তান-অধিনায়কের প্রতিক্রিয়া শুনলে আপনারও তা-ই মনে হবে। ‘দারুণ এক ম্যাচ! আমরা খুব উপভোগ করেছি।’দারুণ এক ম্যাচ তো অবশ্যই। বারবাডোজে একের পর এক একতরফা ম্যাচের ভিড়ে এই প্রথম রোমাঞ্চকর সমাপ্তি। মাত্র ১ রান যেখানে জয়ী আর বিজিত দলের পার্থক্য। টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র চতুর্থবার।কিন্তু দর্শকেরা উপভোগ করতে পারেন, আফ্রিদি কীভাবে তা করেন? পাকিস্তান শুধু অঙ্কের হিসাবেই ঝুলে আছে টুর্নামেন্টে। সংবাদ সম্মেলনে আফ্রিদির কথাবার্তায় মনে হলো না, তাতে খুব ভরসা করছেন। করলে দল নির্বাচন-টির্বাচন নিয়ে নিজের অসন্তোষের কথা এভাবে জানিয়ে দিতেন না। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরই না এসব বলেন অধিনায়কেরা!বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন, অস্ট্রেলিয়া সফর বা এরপর কী হয়েছে মনে রাখতে চান না। এখানে যে দল, সেটিই তাঁর কাছে সেরা। কাল সেই আফ্রিদিই পরাজয়ের কারণ হিসেবে দাঁড় করালেন অস্ট্রেলিয়া সফরের পরের ওই কঠিন সময়টাকে। ‘সেরা দল’ বিষয়েও পরিবর্তিত উপলব্ধি। নির্বাচকেরা যা বুঝেছেন, করেছেন। দল ঘোষণা করার পর তাঁকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতে যেন আগে অধিনায়ক নির্বাচন করা হয়। এটিকে যে পাকিস্তানের সেরা টি-টোয়েন্টি দল মনে করেন না, তা বলতে আর কি বাকি থাকল!দল যেমনই হোক, তার পরও এই ম্যাচটা আফ্রিদিরা হারলেন হয়তো দলটির নাম পাকিস্তান বলেই! অস্ট্রেলিয়ার ওই বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ ১৪১ তাড়া করতে পারল না বলে দেশে কত আক্ষেপ, আর এখানে পাকিস্তানের সামনে ছিল মাত্র ১৩৩।সেন্ট লুসিয়ার বোশেজোর তুলনায় বারবাডোজের কেনসিংটন ওভাল মাঠটা ছোট। এই মাঠে ১৩৩ রান যে অনেক কম, সেটি স্বীকার করছেন ভেট্টোরি নিজেও। তাঁর একমাত্র ভরসা ছিল, নিয়মিত উইকেট তুলে নিয়ে যদি পাকিস্তানকে চাপে ফেলা যায়। ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান চাপে পড়লও। সালমান বাটের সঙ্গে রাজ্জাকের ৫৩ রানের জুটিটি তো সেই ফাঁসটা আলগাও করে ফেলেছিল। ভেট্টোরির চার বলের মধ্যে রাজ্জাকের ২টি বিশাল ছয় ও ১টি চারের পর মনে হলো, পাকিস্তান তো হেসেখেলেই জিতছে! রাজ্জাক আউট হওয়ার পরও ১৩ বলে ২৩ লাগে। শেষ ওভারে ১১। বাটলারের প্রথম চার বলে বাটের দুই চারে পাকিস্তানের দিকেই হেলে ম্যাচ। পঞ্চম বলে পড়িমরি করে একটা বাই রান। শেষ বলে প্রয়োজন ২ রান। আবদুর রেহমান প্রাণপণে ব্যাট চালালেন, কিন্তু বল খুঁজে নিল ডিপ স্কয়ার লেগ ফিল্ডারকে। হতাশায় বসে পড়া রেহমানকে কে সান্ত্বনা দেবে? একা লড়ে অপরাজিত ৬৮ রানের অমন একটা ইনিংস খেলার পরও হারতে হওয়ায় সালমান বাট নিজেই তো সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না!হেরে গেলে নিউজিল্যান্ড দলও যেমন পেত না। আগের যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে ১ রানে জয়-পরাজয়, তার দুটিতেই পরাজিত দলের নাম নিউজিল্যান্ড। সর্বশেষটি গত বিশ্বকাপেই। ভাগ্যের একটু পক্ষপাত পাওনা ছিল তাদের!সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৩/৭ (ভেট্টোরি ৩৮, ব্রেন্ডন ম্যাককালাম ৩৩, স্টাইরিস ২১, নাথান ম্যাককালাম ১২*; রেহমান ২/১৯, সামি ২/২৫, আফ্রিদি ২/২৯)। পাকিস্তান: ২০ ওভারে ১৩২/৭ (বাট ৬৭*, রাজ্জাক ২৯, আফ্রিদি ১১; বাটলার ৩/১৯, মিলস ২/৩৩)। ফল: নিউজিল্যান্ড ১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইয়ান বাটলার।