বিদায়ঘণ্টা বাজল স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অলিম্পিকের ফুটবলে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে পড়েছে স্পেন। আর তা পচা শামুকে পা কেটে রক্তাক্ত হয়ে! স্প্যানিশদের বিদায়ঘণ্টা বেজেছে শক্তির বিচারে তাদের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকা হন্ডুরাসের কাছে হেরে।নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার জাপানের কাছে ০-১ গোলে হেরেছিল স্পেন। গতকাল রোববার রাতে হন্ডুরাসের কাছে স্প্যানিশদের হারের ব্যবধানটা একই। স্পেনের বিদায়ের রাতে বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফেবারিট ব্রাজিল। আর মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে জাপান।খেলার শুরুতেই পিছিয়ে পড়েছিল স্পেন। মাত্র সাত মিনিটে হেড থেকে গোল করে হন্ডুরাসকে এগিয়ে দেন জেরি বেংকটসন। দুই ম্যাচে এটা তাঁর তৃতীয় গোল। অনেক চেষ্টা করেও গোলটি শোধ করতে পারেনি স্পেন। বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল তারা। ভাগ্য তাদের সহায় থাকলে খেলার ফল উল্টোও হতে পারত! ইকার মুনিয়াইনের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। রদ্রিগোর শট ফিরে আসে বারে লেগে। খেলার শেষের দিকে একটি পেনাল্টি পাওয়ারও দাবিদার ছিল স্পেন। কিন্তু রেফারি তা দেননি। এ নিয়ে রেফারির সঙ্গে বাগিবতণ্ডায় জড়ান স্পেনের খেলোয়াড়েরা। হট্টগোলের এই ম্যাচে ১৩টি হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে!ম্যাচ শেষে স্পেন কোচ লুইস মিলার দলের হারের জন্য দুর্ভাগ্যকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমরা যেটা পাইনি, তা হলো গোল। এর বেশি কিছু বলতে চাই না। একটা পেনাল্টি আমাদের প্রাপ্য ছিল। স্বাভাবিকভাবে দলের সবাই মর্মাহত ও হতাশ।’হন্ডুরাসের ম্যানেজার দলের এ জয়ে উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘শুধু একটা কথা বলতে পারি, ম্যাচটা গতানুগতিক ছিল না। শুরুতেই একটা গোল পেয়ে যাই আমরা। এরপর আমাদের চেষ্টা, কৌশল বা ওদের দুর্ভাগ্য যা-ই বলুন, আমাদের জয় হয়েছে। আমরা খুশি। সম্ভবত কোয়ার্টার ফাইনালে উঠতে পারব আমরা।’হন্ডুরাসের জয়ের নায়ক বেংকটসনের প্রতিক্রিয়া, ‘স্পেনকে হারানোর মতোই খেলেছি আমরা। খুব ভালো লাগছিল যে, দর্শক আমাদের সমর্থন করছিল আর চিত্কার করে বলছিল, হন্ডুরাস, হন্ডুরাস।’ সূত্র: ওয়েবসাইট।