বিদায়ঘণ্টা বেজেছে ফন গালের

মাত্রই এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, উৎসবের রেশ তখনো মিলিয়ে যায়নি। ব্রিটিশ প্রচারমাধ্যম জানাল, ওল্ড ট্রাফোর্ডে লুই ফন গালের বিদায়ঘণ্টা বেজে গেছে। হোসে মরিনহো হচ্ছেন নতুন কোচ। এর পর দুই দিন কেটে গেছে, সেই গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হয়েছে। কাল যেমন বিবিসি, স্কাই স্পোর্টসসহ সব সংবাদমাধ্যম প্রচার করল, ফন গালকে ছাঁটাইয়ের চিঠিও ধরিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ঘোষণাটা সময়ের ব্যাপার।
এক যুগ অপেক্ষার পর দুই দিন আগে এফএ কাপ জিতেছে ইউনাইটেড। কিন্তু সংবাদ সম্মেলনে ফন গালকে প্রশ্ন শুনতে হলো বিদায় নিয়ে। ইউনাইটেডের ডাচ কোচ সরাসরি জানিয়ে দিলেন, এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। বারবার এ নিয়ে জানতে চাওয়া হলে সংবাদ সম্মেলন শেষ করে দেওয়ারও হুমকি দেন তিনি। পরে অবশ্য ওয়েইন রুনি, ক্রিস স্মলিং সবাইকেই এই প্রশ্নটা শুনতে হয়েছে। রুনি শুধু বলেছেন, শিরোপা জয়ের পর একজন কোচের জন্য এ ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়া অপমানজনক। কিন্তু ফন গাল বিদায় নিচ্ছেন কি না সেই প্রশ্নের উত্তরটা কমবেশি সবাই এড়িয়ে গেছেন। তাই বলে গুঞ্জন তো আর থেমে থাকে না। স্কাই স্পোর্টসের দাবি, ফন গাল তাদের বলেছেন, ‘আমার সময় শেষ’। কাল সকালেই ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনে দেখা গেছে ফন গালকে। একটু পর ব্রিটেনের আইনজীবী পল গিলটয়কেও দেখা যায় সেখানে। ডেভিড ময়েসের ছাঁটাইয়ের সময় এই গিলটয়ই ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন।
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর তিন বছরে একবারও শীর্ষ তিনে থাকতে পারেনি ইউনাইটেড। এ বছর তো ফন গাল ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে নিতেই ব্যর্থ হলেন। ফন গালকে কি তাহলে সেটিরই মূল্য দিতে হচ্ছে? এএফপি।