বিদায়ঘণ্টা শুনছেন ভেট্টরি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ভেট্টরি
ড্যানিয়েল ভেট্টরি

তবে কী ক্যারিয়ারের একেবারে গোধূলি বেলায় এসে পৌঁছালেন ড্যানিয়েল ভেট্টরি? বয়সও তো কম হয়নি। এই মাসের ২৭ তারিখেই তিনি পূর্ণ করবেন ৩৫। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার সময় যে আসন্ন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাই বলে কী তাঁকে মাঠের বাইরে থেকেই বিদায় নিতে হবে! অবস্থাদৃষ্টে তো মনে হচ্ছে সে রকমই কিছু ঘটতে যাচ্ছে এই কিউই তারকার জীবনে। ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। বয়সের বিবেচনাতেই নির্বাচকেরা এমন সিদ্ধান্ত নিলেন কি না, সেই আলোচনা উঠে গেছে বেশ জোরেশোরেই।
গত বছরের জুনে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ড্যানিয়েল ভেট্টরি। তারপর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরেই কাটাতে হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ককে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ, বিগ ব্যাশের কয়েকটা ম্যাচ খেললেও সম্প্রতি পিঠের ব্যথায় আবারও অনিশ্চিত হয়ে পড়েছে ভেট্টরির ক্রিকেট ক্যারিয়ার। এ অবস্থায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য যে তাঁর কথা বিবেচনা করা হচ্ছে না, সেটা জানিয়েই দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসোন, ‘ভারতের বিপক্ষে সিরিজের জন্য ভেট্টরির কথা ভাবা হচ্ছে না। আর ইনজুরির কারণে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটাও হয়ে পড়েছে ধোঁয়াশাচ্ছন্ন।’ তবে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার একটা শেষ চেষ্টাও হয়তো করতে পারেন ভেট্টরি। দ্রুতই তিনি অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে ফিরবেন বলে জানিয়েছেন কিউই কোচ। তখন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হতে পারে ভেট্টরির ক্রিকেট ভবিষ্যত্।
তবে খেলোয়াড়ি জীবনের ইতি যে দ্রুতই টানবেন, সেই ইঙ্গিতটা দিয়েছেন ভেট্টরি নিজেই। আইপিএলের আগামী আসরে ভেট্টরিকে আর খেলোয়াড় হিসেবে না, দেখা যাবে কোচ হিসেবে।
১৯৯৭ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ভেট্টরির। তারপর ১১২টি টেস্ট খেলে ৩৬০টি উইকেট ও ৪৫১৬ রান সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩০০ উইকেটের পাশাপাশি তিন হাজারের বেশি রান সংগ্রহ করার কৃতিত্ব আছে মাত্র আটজন খেলোয়াড়ের। ভেট্টরি তাঁদেরই একজন।—পিটিআই