বিদায়টা তৃপ্তিরই হয়েছে মুরলির
মুরলিধরন তৃপ্ত—সঠিক সময়ে সঠিক ফর্মে থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পেরে। টেস্ট, ওয়ানডে—দুই ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য রেকর্ডের ভাগীদার হয়ে তিনি অবসরে গেছেন, তৃপ্ত তিনি হতেই পারেন। এই গৌরবের ভাগতো সবার কপালে জোটে না!‘আমি আরও দুই-তিন বছর খুব সহজে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে পারতাম। কিন্তু আমি আমার ফর্মের তুঙ্গে থেকেই বিদায় নিতে চেয়েছি।’ নিজের সিদ্ধান্ত সম্পর্কে একরাশ তৃপ্তিই ঝরে পড়ল তাঁর মন্তব্যে।প্রায় দুই যুগ ধরে শ্রীলঙ্কান ক্রিকেটের বোলিং আক্রমণের পুরো দায়িত্ব ছিল এই স্পিন জাদুকরের হাতে। তিনি এখন মনে-প্রাণেই চান, তাঁর জায়গাটা সাফল্যের সঙ্গে দখল করে নেবেন এই প্রজন্মের ক্রিকেট সেনানীরা। তিনি বলেছেন, ‘সুরুজ রনদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথের মতো তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার এটাই সবচেয়ে ভালো সময়। আমার অবসরে এই তরুণদের সামনে দুর্দান্ত সুযোগ এসেছে। আশা করছি তারা সেই সুযোগের সর্বোত্তম ব্যবহার করাতে পারবে। যেমনটা আমি করেছিলাম ১৯ বছর বয়সে।’খেলা ছাড়ার পর অতীত কীর্তিগুলো একজন খেলোয়াড়কে প্রশস্তি দেয়। স্মৃতিকাতর করে দেয়। মুরলিধরনকেও আনন্দ দেয় তাঁর খেলোয়াড়ি জীবনের অনন্য কীর্তিগুলো। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ক্রিকেটের সব জায়গাতেই রাজকীয় পদচারণ তাঁর। তবে ব্যক্তি মুরলিধরনকে সবচেয়ে বেশি আনন্দ দেয় ১৯৯৬ সালের বিশ্বকাপ অভিযাত্রা। সেই বিশ্বকাপই যে বিশ্বময় পরিচিতি দিয়েছিল মুরলিকে। শ্রীলঙ্কাকে দুর্বল দল থেকে পরিণত করেছিল বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তিতে। ’৯৬-এর বিশ্বকাপ আমাদের জন্য অনেক বড় ব্যাপার। বিশ্বকাপটা জিতেই শ্রীলঙ্কা প্রমাণ করেছিল, ক্রিকেটের অন্যতম পরাশক্তি তারা। শ্রীলঙ্কান ক্রিকেট সম্পর্কে বাকি বিশ্বের ধরনাটা পাল্টে গিয়েছিল তারপর থেকে।’ বলেছেন মুরলি। ওয়েবসাইট।