বিদায়বেলায় সিডন্স
২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশের কোচ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে কথা বলেছিলেন জেমি সিডন্স। যেখানে বাংলাদেশকে টেস্টে ভালো দল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘আশা করি, তারা ভালো একটা দল হয়ে উঠবে, ভালো ক্রিকেট খেলবে, বেশ কিছু ম্যাচ জিতবে।’সেদিন কোচ হয়েও সিডন্স বলেছিলেন ‘তারা’। এর এই সেদিন, বাংলাদেশের কোচ হিসেবে তাঁর অনানুষ্ঠানিক সমাপ্তির দিন ভবিষ্যতের কথা বলতে গিয়ে সিডন্স বললেন, ‘আশা করি, আমরা আরও ভালো খেলব।’যতই পেশাদারি খোলস থাকুক, ভেতরে শেষ পর্যন্ত রক্তমাংসেরই মানুষ। আর্দ্র হূদয়। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে পেশাগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে সিডন্স বাঁধা পড়েছিলেন আবেগের ফিতায়। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের শেষ দিনের শেষ সংবাদ সম্মেলনে সেই আবেগ ধরা পড়েছিল পরতে পরতে।ওখানে আবেগময় কথাবার্তার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের জন্য জরুরি কিছু পরামর্শও দিয়েছেন এই অস্ট্রেলীয়। নতুন কোচ এলেই যে বাংলাদেশের দলের চেহারাও নতুন হয়ে যায়, সেটি তো তাঁরও ভালো জানা। সিডন্স তাই জোর দিয়েই বলে গেলেন, এই দলটার ওপরই যেন আস্থা রাখা হয়, ‘ইনজুরির কারণে এক-দুজন দলে আসবে-যাবে। সেটি বাদ দিয়ে এই দলের ওপরই কিন্তু আপনাদের আস্থা রাখতে হবে।’ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ-সর্বনিম্ন দুটি স্কোরই হয়েছে তাঁর সময়টায়। সিডন্স যেমন বাংলাদেশের ক্রিকেটে অনেকখানি ধারাবাহিকতা এনে দিয়েছিলেন, একই সঙ্গে কখনো-কখনো চরমভাবে দল ব্যর্থও হয়েছে। দলকে প্রশংসার বন্যায় ভাসতে দেখেছেন, দেখেছেন একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হতেও।বিদায়বেলায় সিডন্স সাংবাদিক ও সমর্থকদের আরেকটু সহনশীল হওয়ার অনুরোধও জানিয়েছেন, ‘দলটার ওপর বিশ্বাস রাখতে হবে। ব্যর্থ হলে নেতিবাচক সমালোচনা করবেন না। মনে রাখবেন, এদের গড় বয়স মাত্র ২২-২৩ বছর। দলে ৩৩, ৩৪, ৩৫ বছর বয়সী পন্টিং-সাঙ্গাকারাদের মতো অভিজ্ঞ কেউ নেই, যারা পুরো দলটাকে একসুতায় গাঁথবে। আপনাদেরই সেই সুযোগটা দিতে হবে দলটাকে বেড়ে ওঠার। এখন তো আর হাবিবুল বাশারকে দলে ফিরিয়ে বলতে পারেন না তুমি রিকি পন্টিং হয়ে ওঠো। সেটা সম্ভব নয়। আপনাদের তাই সাহায্য করতেই হবে।’দলটার আগামী যাত্রায় নতুন কোনো বাধার দেয়াল না তুললে চার বছর পরের বিশ্বকাপে অনেক ইতিবাচক ফল আসবে বলেই মনে করেন সিডন্স, ‘এই ছেলেদের যদি পরের বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয়, আপনারা অনেক ভালো ফল পাবেন।’সিডন্সও ভালো ফলের স্মৃতি নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে কাটানো তাঁর চারটি বছরকে স্মরণীয় অধ্যায়ই ভাবেন তিনি, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছি, বিশ্বকাপে ইংল্যান্ড-আয়ারল্যান্ডকে হারিয়েছি। গত চারটি সিরিজেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছি। অনেক সাফল্য এসেছে। সবই এই ছেলেদেরই কৃতিত্ব। এরাই বাংলাদেশের সেরা ১৫ জন।’বলেছেন তাঁর আবেগের কথাও, ‘এই ছেলেদের আমি অনেক ভালোবাসি। আমি ওদের বলেছিও, ওদের সঙ্গে কাজ করতে পেরে আমি কতটা আনন্দ পেয়েছি। বলেছি, ওরা কতটা উন্নতিই না করেছে।’ কিছু অতৃপ্তি থাকলেও শেষ পর্যন্ত তৃপ্তির প্লাবনে সব ভেসেই যাচ্ছে, ‘ওরা প্রত্যেকে আমাকে বলেছে ওরা কতটা উন্নতি করেছে। কোচ হিসেবে আমার দায়িত্ব তো এটাই ছিল। অনেক দূরে হয়তো যাচ্ছি। কিন্তু অনেক সুখী একটা মানুষ হিসেবেই বিদায় নিচ্ছি।’আবেগের ফ্রেমে সিডন্স যেন পুরোপুরি বাঙালিই শেষ পর্যন্ত! শেষ ম্যাচে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার বিশাল রান তাড়া করতে গিয়ে ২৯৫ রান করল, সিডন্স তাতে আরও বেশি আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ওরা যখন আমাদের সর্বোচ্চ স্কোর গড়ল, কিছুটা আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ আমার মনে হয়েছে, ওরা এতেই দেখিয়ে দিয়েছে, কতটা উন্নতি করেছে, উন্নতি করে যাচ্ছে।’ছাত্র যখন ভালো করে, কখনো কখনো শিক্ষকের আনন্দও যেন ছাত্রের চেয়ে বেশি হয়। আবেগময় সেই শিক্ষক শেষে বললেন, ‘খুবই খারাপ লাগছে আরও থাকতে পারলাম না বলে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালো দিয়েই শেষ হলো। অন্তত আমি জানতে পারলাম, তারা অনেক কিছুই শিখেছে। উন্নতির পথেই আছে।’