বিদায়বেলায় স্টুয়ার্ট ল
তাঁর জীবনে বাংলাদেশ-পর্বের শেষ আজই। যাওয়ার কথা ছিল জুনে। কিন্তু খেলা যেহেতু নেই, তাই আজই ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। যাওয়ার আগে বাংলাদেশের বিদায়ী কোচ স্টুয়ার্ট ল মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের ফেরার সময় প্রাপ্তি—স্টুয়ার্ট ল: প্রথম কোনো আন্তর্জাতিক দলের প্রধান কোচ, অনেক কিছু নিয়েই ফিরছি। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন ক্রিকেটারের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয় তাও শিখেছি। চুক্তির পুরো সময়টা থাকতে পারলে ভালো লাগত, তবে এই সংক্ষিপ্ত সময়েও অনেক শিখেছি। শুরুর ব্যর্থতা—ল: নতুন বলে সবকিছু বুঝে উঠতে খানিকটা সময় লেগেছে। এখানে সবকিছু কীভাবে হয়, ক্রিকেটারদের মানসিকতা এসব বুঝতে সময় লেগেছে। বুঝে ওঠার পর থেকেই উন্নতির শুরু। গত ছয় মাসে দল ধীরে ধীরে সামনে এগিয়েছে। ক্রিকেটাররা এই বিশ্বাস অর্জন করতে পেরেছে যে তারা শীর্ষ দলগুলোর সঙ্গে লড়াই করতে পারে। প্রতিভার অভাব নেই এখানে, প্রয়োজন শুধু শৃঙ্খলা ও সঠিক নির্দেশনা। এশিয়া কাপ অভিজ্ঞতা—ল: আবেগের বহিঃপ্রকাশ আমি ঠিক পছন্দ করি না। আমি শান্ত থাকতেই পছন্দ করি। আমি সুস্থির থাকলে দলও সুস্থির থাকবে। উদ্যাপন করা যায় কেবল জিতলেই। আমার ক্রিকেটারদের নিয়ে আমি ছিলাম দারুণ গর্বিত, জানতাম ওদের সামর্থ্য আছে জয়ের। আমার বিশ্বাস, আগে নিজেদের প্রতি ওদের যথেষ্ট বিশ্বাস ছিল না। এশিয়া কাপে আমরা সব ম্যাচের জন্য নিজেদের সবটুকু ঢেলে দিয়েছি। আলাদা কিছু করেছিলেন কি না—ল: আলাদা কিছুই করিনি, যথেষ্ট সময়ই ছিল না। আমাদের স্কিল যাতে মাঠে পরিপূর্ণ রূপে দেখাতে পারি, তা নিয়েই শুধু কথা বলেছি। প্রতিপক্ষ নিয়ে ভাবিনি। লক্ষ্য ছিল নিজেদের কাজটা ঠিকঠাক করা। পেছনে তাকিয়ে একটু গভীরভাবে ভাবলে দেখতে পাবেন, পুরো এশিয়া কাপেই আমাদের অপরাজিত থাকার কথা ছিল। সব ম্যাচই জিততে পারতাম। পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচ দুটি আসলে জেতা উচিত ছিল। সাকিব-তামিমকে যেমন দেখলেন—ল: প্রতিটি দলেরই অসাধারণ কিছু ক্রিকেটারের দরকার হয় এবং ওরা দুজন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটকে বয়ে নিয়ে যাচ্ছে। তবে আমি অন্যদের বলেছি, দল শুধু এই দুজন ক্রিকেটারকে নিয়ে নয়। বাকিদেরও এগিয়ে আসতে হবে। নাসির হোসেন যেমন উঠে এসেছে, ও সত্যি বলতে সাকিব-তামিমের কাতারেই চলে এসেছে প্রায়। অন্যরা পারফর্ম করলে এই দুজনের ওপর চাপও কমে যায়, বিশেষ করে সাকিবের। প্রতিটি ম্যাচেই ওকে বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। সাকিব ব্যতিক্রমী কি না—ল: মাঠের ভেতরে ও দারুণ পেশাদার, কিন্তু মাঠের বাইরে আবার অন্য রকম। আমি বলছি না খারাপ, তবে ও নিজেকে আরও ফিট করে তুলতে পারে। ও নিজেও বলেছে, অনেক ব্যাপারেই ওকে আরও কাজ করতে হবে। মাঠে ও প্রায়ই অপ্রত্যাশিতভাবে দারুণ কিছু করে ফেলে। ব্যাটিংয়ে ভালো করতে থাকলে ওর ব্যাটিং খুব দৃষ্টিসুখকরও। তবে ব্যাপারটা আমি বুঝি, আমিও তো একই পথের পথিক ছিলাম! আমিও ট্রেনিং পছন্দ করতাম না, শুধু ম্যাচ খেলতে ভালো লাগত। অধারাবাহিক ব্যাটসম্যানদের নিয়ে কাজ করা—ল: বড় কোনো উন্নতি করার মতো যথেষ্ট সময় পাইনি। প্রথম ছয় মাস তো নিজেদের চেনা-জানা হতেই লেগে যায়। ক্রিকেটাররা কোন প্রেক্ষাপট থেকে এসেছে, এটা বুঝতে কিছুটা সময় লাগে। দায়িত্ব নেওয়ার মাস পাঁচেক পর সবাই যখন ‘জেমি এটা করেছে’, ‘জেমি ওটা করেছে’ বলা বন্ধ করল, আমি খুব তৃপ্ত হলাম। জেমি সিডন্সের বিপক্ষে আমি অনেক খেলেছি। আমাদের ধরন আসলে পুরোপুরিই আলাদা। কত দূরে বা কত জোরে বল মারতে পারো—আমার কাজ ঠিক এটা ছিল না। আমি কাজ করেছি মূল ব্যাপারটা নিয়ে, বল গ্যাপে মারলে চার হবেই, খুব জোর না থাকলেও। আবার লম্বা বিরতি—ল: বিসিবি তো সিরিজের আয়োজন করতে সম্ভব সবকিছুই করে যাচ্ছে। হয়তো এবার এটা ভুলে গিয়ে আগামী বছরের পরিকল্পনা করা উচিত। এফটিপি আমাদের হাতে আছে, কাজেই অন্য দেশগুলোর সঙ্গে ফোনে কথা বলা যেতে পারে। এই ক্রিকেটাররা যত খেলবে, ততই উন্নতি করবে। জিম্বাবুয়ে সফরের শুরুতে আমরা ভালো করিনি, শেষ দিকে কিন্তু ঠিকই ভালো করতে শুরু করেছিলাম। টেস্টে উন্নতির উপায়—ল: একই কথা, বেশি বেশি খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে টার্গেট করা হোক না! আন্তর্জাতিক সূচির ফাঁকে ফাঁকে সহযোগী দেশগুলোর সঙ্গে চার দিনের ম্যাচ আয়োজন করা হোক। আর ঘরোয়া ক্রিকেট এখানে যেমন, বিশ্বের কোথাও বোধ হয় এমন নয়। এই শুরু হয়, এই বন্ধ। দেশের ক্রিকেটের জন্য এটা ভালো নয়। জানি, এখানকার সংস্কৃতি আলাদা। কিন্তু বাইরে থেকে দেখলেও দেশের ক্রিকেটের জন্য এটা ভালো হতে পারে না। সম্ভাবনাময় তরুণ—ল: বিজয় (আনামুল হক) ভালো ব্যাটসম্যান। মমিনুল হককেও আমি দলে দেখতে চেয়েছিলাম। ‘এ’ দলের হয়ে অনেক রান করেছে ও। নির্বাচনী সভায় ওকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ওকেও খুব ভালো মনে হয়েছে। রাজুকে (আবুল হাসান) আমার দারুণ পছন্দ। ১৪০-এর ওপর গতি, স্লোয়ারটাও দারুণ। তবে আবারও বলছি বিজয়ের কথা। বিপিএলের সময় মনে হয়েছে সহজাত খেলোয়াড়। ওর একটা কথা আমি ভুলব না। ওকে জিজ্ঞেস করেছিলাম ‘কোথায় ব্যাট করতে চাও?’ ও বলেছিল, ‘তিনে ব্যাট করতে চাই, আমি হতে চাই বিশ্বের সেরা ব্যাটসম্যান।’ সত্যিই সেটা হলে, দারুণ হয়! মাশরাফি—ল: অসাধারণ...ক্যারিয়ারে এতবার চোট-বাধা পেরিয়ে আবার বোলিং করা অবিশ্বাস্য! ও বুঝতে শিখেছে যে কঠোর পরিশ্রম কাজে দেয়। ড্রেসিংরুমে ও বড় একটা অনুপ্রেরণা। এত কিছু পেরিয়ে এসে বিপিএল ও এশিয়া কাপে যেভাবে পারফর্ম করেছে, কোনো প্রশংসাই কম নয়। ও সত্যিকারের চ্যাম্পিয়ন। বিসিবির সঙ্গে কাজ করা কতটা কঠিন—ল: এসব সব জায়গাতেই হয়। আমাকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টাই করেছে। তবে চেষ্টাটা ছিল নিজেদের মতো করে, যা কখনো কখনো হতাশাজনক। শেষে অবশ্য দুই পক্ষ এক হতে পারি, তবে এর জন্য অনেক আলোচনা, অনেক বোঝানো লাগে।