বিদায়বেলায়ও জার্গেনসেনের 'হাসি'

অনেকক্ষণ ধরে হাসলেন। হাসতে হাসতে একবার হাত দিয়ে মুখ ঢাকেন। আবার হাসেন। ডানে কাত হয়ে হাসেন। বাঁয়ে কাত হয়ে হাসেন৷ হাসতে হাসতে শেষ!
শেন জার্গেনসেনের হাসি শেষ হলো পাল্টা এক প্রশ্নে, ‘আমাকে কি উত্তরটা দিতেই হবে...?’ কিন্তু কী এমন প্রশ্ন যে সেটা শুনেই হেসে কুটিকুটি! প্রশ্নটার জবাবে বাংলাদেশ ক্রিকেট দলের বিদায়ী কোচ যা-ই বলুন, হাসিতেই পাওয়া গেছে আসল উত্তর৷
প্রশ্নটা খুবই সরল৷ বাংলাদেশের ক্রিকেট যেভাবে চলছে, ক্রিকেটারদের কাছে বিসিবির যে রকম প্রত্যাশা, আপনার কি মনে হয় এসব ঠিক আছে?
অন্যদের প্রতি শ্রদ্ধা রেখেও বলা যায়, বাংলাদেশে এখন পর্যন্ত আসা বিদেশি কোচদের মধ্যে শেন জার্গেনসেনই সবচেয়ে ভদ্রলোক। তো সেই ভদ্রলোক প্রশ্নের খোঁচাটা হাসির আড়ালে ঢেকে উত্তর দিলেন, ‘একাডেমি, ঘরোয়া ক্রিকেট, জাতীয় দল সব জায়গাতেই উন্নতির ধারা থাকা উচিত। সবারই সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত এবং সেদিকে এগোতে কঠোর পরিশ্রম করা উচিত। আগামী কয়েকটা বছর খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে যেটার যেখানে থাকা উচিত, থাকতে হবে। যখন যা প্রয়োজন দিতে হবে।’ তবে এই উত্তরের পর হাত দিয়ে রক্ষণাত্মক শট খেলার একটা ভঙ্গি করলেন কোচ। মানে যা বোঝার বুঝে নিন!
বিসিবির কাছ থেকে সব দেনা-পাওনা বুঝে নিয়ে দেশে ফেরার ফ্লাইট ধরতে চেয়েছিলেন আগামীকাল রাতে। কিন্তু কালকের টিকিট পাননি, পেয়েছেন আজকের। বাধ্য হয়েই একদিন এগিয়ে এনেছেন যাত্রা। সিঙ্গাপুর এয়ারলাইনসের আজ রাত ১১টা ৫৫ মিনিটের উড়ানে চলে যাচ্ছেন তিনটি বছর ধরে বাংলাদেশ দলের ছায়াসঙ্গী জার্গেনসেন। ১১ মে মা দিবস। দিনটা পরিবারের সঙ্গে কাটাতে চান বলেই এমন তাড়াহুড়ো। যাওয়ার আগে আজ মধ্যাহ্নভোজে বিসিবির কাছ থেকে ছোটখাটো একটা বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন কোচ। তাতে অংশ নিতে খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
মূলত বিসিবির কাছ থেকে সন্তোষজনক আচরণ না পাওয়াতেই জার্গেনসেনের এই ‘অকালবিদায়’। পদত্যাগপত্রেও সে রকম ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে কাউকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না বিদায়ী কোচ। ‘ক্রিকেট-সংক্রান্ত বিষয়গুলো আমি যেভাবে চেয়েছিলাম, সব সময় সেভাবে হয়নি। বিস্তারিত বিশ্লেষণে না গিয়ে শুধু এটুকু বলব, দলসংক্রান্ত বিষয়গুলোয় আমি আরেকটু নিয়ন্ত্রণ চেয়েছিলাম। সেটা পেতে সাধ্যমতো চেষ্টাও করেছি। কিন্তু বাংলাদেশে কিছু সীমাবদ্ধতা তো আছেই’-বলছিলেন জার্গেনসেন। এসব নিয়ে হতাশা থাকলেও বিষয়গুলোকে শুধু ‘দুর্ভাগ্যজনক’ বলেই শেষ করলেন প্রসঙ্গটা।
দলের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই, কেউ খারাপ খেললেও কঠোরভাবে কিছু বলতে পারেন না-নিপাট ভদ্রলোক জার্গেনসেনের ব্যাপারে এ রকম অভিযোগ ছিল কারও কারও। তবে জার্গেনসেনের ব্যাখ্যা একটু অন্য রকম, ‘আমাকে নিয়ে এই প্রশ্নটা কখনোই শেষ হবে না। কারণ আমার মুখে একটা হাসি লেগেই থাকে। শুধু এটুকুই বলব, কেবল মোড়ক দেখেই একটা বই সম্পর্কে মূল্যায়ন করবেন না।’ নিজেকে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার দাবি করে যোগ করেছেন, ‘দুটি সিরিজ জয় আছে, দেশের বাইরে প্রথম ওয়ানডে সিরিজ ড্র করেছি। টেস্ট ড্র করেছি। হ্যাঁ, টি-টোয়েন্টিতে উন্নতির দরকার, কিন্তু অন্য সাফল্যগুলোও বিচেনায় রাখতে হবে!’
শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ যে রকম হতাশা ছড়িয়েছে মাঠে, মাঠের বাইরেরটাও ছিল ঘটনাবহুল। এই তামিম সহ-অধিনায়কত্ব ছেড়ে দেন তো ওই টিভি ক্যামেরার সামনে সাকিবের অশোভন ইঙ্গিত। নির্বাচকদের বিরুদ্ধে অধিনায়ক মুশফিকুর রহিমের সোচ্চার কণ্ঠ। মাঠের বাইরের এসব ঘটনা কোচ হিসেবে তাঁর কাজে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন জার্গেনসেন। তবে গত তিন-চার মাস সময়টাকে ক্রিকেটারদের জন্য শিক্ষামূলক মনে করেন অস্ট্রেলিয়ান কোচ, ‘দলটা বয়সে তরুণ। মাঠ কিংবা মাঠের বাইরে তাদের ভুল হবেই। তবে যতক্ষণ পর্যন্ত তাদের মানসিকতা ঠিক থাকবে, কঠোর পরিশ্রম করবে ততক্ষণ সবই ঠিক থাকবে। আমি মনে করি গত ৩-৪ মাসে তারা অনেক কিছু শিখেছে।’
যেকোনো পরিস্থিতি আর দলীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম, বাংলাদেশ দলের জন্য এমন কোচই উপযুক্ত বলে মনে হয় জার্গেনসেনের কাছে। সঙ্গে শৃঙ্খলা ধরে রাখার ওপরও জোর দিয়ে আশাবাদ শোনালেন, ‘দলটাকে এখনকার অবস্থান থেকে আরেক ধাপ ওপরে নেওয়ার সুযোগ আছে। স্টুয়ার্ট লর অধীনে এশিয়া কাপে সাফল্যের শুরু, ২০১৩ সালেও খুব ভালো কিছু ফল এসেছে। আগামী পাঁচ বছর আরও ভালো হতে পারে। শুধু দল এবং দলের কোচকে সেটা করার সুযোগ ও সমর্থন দিতে হবে।’
গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রান করেও হার, শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানে ৮ উইকেট তুলে নিয়েও জিততে না পারা এবং এরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের সুবাস নিয়ে ফিরে আসা-প্রধান কোচ থাকাকালে এই ব্যর্থতাগুলোই বেশি পুড়িয়েছে জার্গেনসেনকে।
বাংলাদেশ দলের কোচ থাকলে অনাগত দিনে হয়তো নতুন সাফল্যে ঢাকা পড়ে যেত এসব হতাশা। কিন্তু জার্গেনসেন সে সুযোগ পেলেন কই? তিনি যে ‘আরেকবার সাধিলেই খাই’ দলের লোক নন, সেটা প্রমাণ করে হাসতে হাসতেই চলে যাচ্ছেন শেষ পর্যন্ত। শত দুঃখ-কষ্টেও হাসিটা যে তাঁর মুখে লেগেই থাকে!