বিদায়বেলায়ও ‘বিব্রত’ গার্দিওলা
২৪ এপ্রিলের ম্যাচটার ফল যদি অন্য রকম হতো, ১৫ মের ফাইনালে যদি চেলসির বদলে খেলত তাঁরই দল; হয়তো সবকিছুই হতো অন্য রকম। হয়তো লড়াইয়ের নতুন উজ্জীবনী সুধা পেতেন পেপ গার্দিওলা। হয়তো বার্সেলোনার হয়ে চালিয়ে যেতেন আর একটি বছর কিংবা দুটি বছর। কিংবা আরও অনেক দিন। বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে নিজের শেষ সংবাদ সম্মেলনে বার্সার বিদায়ী কোচ জানিয়েছেন, ২৪ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বার্সার বিদায়ের পর পরই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এবার ছুটি চাই, ছুটি!এমনিতেই বিদায়টা মনমতো হয়নি। গতকাল স্প্যানিশ কাপের ফাইনালে জিতেছেন কি না, এই প্রতিবেদন লেখার সময় বলার উপায় ছিল না। জিতলেও হূদয়ের শূন্যতাটা কতটা পূরণ হয়েছে, আদৌ হয়েছে কি না কে জানে। স্প্যানিশ লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে না পারার দুঃখ কি আর কোপা ডেল রে দিয়ে ভরে! এই দুঃখ তো আছেই, এর সঙ্গে যোগ হয়েছে তাঁর জন্য বিব্রতকর কিছু খবর। শেষবেলায় এসে জেরার্ড পিকে থেকে শুরু করে লিওনেল মেসির সঙ্গে তাঁর কল্পিত বিভেদের খবর দিয়েছে স্প্যানিশ মিডিয়ার একাংশ। এবার খবর এল, গার্দিওলার সঙ্গে নাকি তাঁর বাল্যবন্ধু, প্রধান সহকারী টিটো ভিলানোভার সম্পর্কেও ফাটল ধরেছিল! বিব্রত গার্দিওলাকে আবারও উড়িয়ে দিতে হলো তাঁকে ঘিরে তৈরি হওয়া আরেকটি গুঞ্জন, ‘চেলসির কারণে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর আমি টিটোকে ফোন দিয়েছিলাম। বলেছিলাম, সেই সময়টা চলে এসেছে। তারা (ক্লাব কর্তৃপক্ষ) তাকে কোচের প্রস্তাবটি দেবে। বলেছিলাম, ওর নিজের কাছে যা ভালো মনে হয় সেটাই যেন করে। আমি কেন ওর পথে বাধা হয়ে দাঁড়াব? আমি ওকে বরং বলেছিলাম “যে সিদ্ধান্তই নাও না কেন আমার সমর্থন থাকবে।” ওকে তো আমি সেই ১৩ বছর বয়স থেকে চিনি।’নিজের উত্তরসূরি হিসেবে ভিলানোভার নাম তিনি সেই নভেম্বরেই বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতাকে বলেছিলেন বলেও জানিয়েছেন গার্দিওলা। কোনো অবস্থাতেই ভিলানোভার কোচ হওয়ার পথে বাধা হননি। এমন খবর তাই স্রেফ গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।চেলসিকে হারিয়ে ফাইনালে উঠতে না পারাটা তাঁকে সত্যিই হতাশ করেছিল। বার্সার হয়ে চার বছরে নিজের সবচেয়ে বড় অতৃপ্তি হিসেবে গার্দিওলা চিহ্নিত করলেন এটাকেই, ‘আমার একমাত্র অনুতাপ এ বছর মিউনিখে যেতে না পারা। এমনকি আজও এটা আমাকে তিক্ত স্বাদ এনে দেয়। অবশ্য আমি চেলসিকেও অভিনন্দন জানাতে চাই (চ্যাম্পিয়ন হওয়ায়)। আমি বিশ্বাস করি, তাদের এমন এক প্রজন্মের ফুটবল আছে যারা এই শিরোপার যোগ্য।’নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন এই ৪১ বছর বয়সী কোচ। আশার আলো দেখিয়েছেন তাঁকে পেতে আগ্রহী চেলসি-লিভারপুলের মতো ক্লাবগুলোকে। আগে বলেছিলেন পাকা এক বছর বিশ্রাম নেবেন। এখন বলছেন, বিশ্রামের মেয়াদটি হবে ‘কয়েক মাস’, ‘আগামী কয়েক মাস ব্যাটারিতে চার্জ দেব। বিশ্রাম নেব, এর পর অপেক্ষা করব। ফেরার জন্য প্রস্তুত হয়ে যাওয়ার পর কোনো ক্লাব যদি আমাকে চায়, তারা যদি আমাকে প্রলুব্ধ করতে পারে, আমি অবশ্যই আবার দায়িত্ব নেব।’ এএফপি, রয়টার্স।