বিদায়মঞ্চকে উৎসবে রাঙানোর সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মিরপুরে অনুশীলনে দুই বন্ধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে । প্রথম আলো
কাল মিরপুরে অনুশীলনে দুই বন্ধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে । প্রথম আলো

লাসিথ মালিঙ্গার সংবাদ সম্মেলনে থাকলেন দুজন। থাকলেন মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনেও। ছিলেন সেমিফাইনালের পর ড্যারেন স্যামির সংবাদ সম্মেলনে। থাকছেন ক্রিকেট-বিশ্বজুড়েই, আজকের ফাইনাল নিয়ে যাবতীয় আলোচনায় উপস্থিতি দুজনের। সশরীরে অবশ্যই নয়। এই ‘উপস্থিতি’ মানে সব জায়গায়ই থাকছে দুজনের প্রসঙ্গ। আজকের ফাইনাল যে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার বিদায়ী ম্যাচ!
বিস্ময়টা এখানেই। বিদায়ী ম্যাচ বটে, কিন্তু সে তো শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টির! টেস্ট ও ওয়ানডের গ্রেট দুজনই, দেশের ইতিহাসের সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই সংস্করণের পারফরম্যান্সেই। জয়াবর্ধনে-সাঙ্গাকারার মতো ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি খেললেন কি খেললেন না, তাতে কিছুই এসে-যাওয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা বলছে, তাঁদের টি-টোয়েন্টি বিদায়ও ঠিকই তোলপাড় তুলছে। দুজন যে ছিলেন টি-টোয়েন্টি আর ধ্রুপদি ব্যাটিংয়ের সেতুবন্ধ!
বেশির ভাগের কাছেই টি-টোয়েন্টির ব্যাটিং মানে পিটিয়ে বলের সুতা বের করে ফেলা। তেড়েফুঁড়ে মারা, পেশিশক্তি আর উদ্ভাবনী সব শটের প্রদর্শনী। একজন ক্রিস গেইল তাই টি-টোয়েন্টির মুখ, ম্যাককালাম-ওয়ার্নার-ওয়াটসন-ফিঞ্চ-ডি ভিলিয়ার্সরা টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সমার্থক। অথচ দেখুন না, জয়াবর্ধনে-সাঙ্গাকারার শেষ টি-টোয়েন্টি নিয়েও কত হইচই! কারণ জাত ভিন্ন হলেও কার্যকারিতায় দারুণ সফল এই দুজনও।
জয়াবর্ধনে ব্যাটিং সৌন্দর্যের একনিষ্ঠ পূজারি। টি-টোয়েন্টিতেও তাঁর ব্যাট রেশমি পেলব ছোঁয়া দেয় বলে, প্রতিটি শট প্রশান্তি দেয় চোখ ও মনকে। বাড়তি বলতে শুধু মাঝেমধ্যে দু-একটি স্কুপ-টুপ খেলেন। সাঙ্গাকারার তো ওটুকুতেও ভীষণ অনীহা। বরাবরই তিনি ক্রিকেট ব্যাকরণের একান্ত অনুগত ও মনোযোগী ছাত্র। ব্যাটিংয়ের মৌলিক ব্যাপারগুলোর ক্ষেত্রে আপস করেন না, এই সংস্করণেও অশ্রদ্ধা নেই ব্যাকরণে। অথচ এই নিজেদের মতো ব্যাটিং করেই দারুণ সফল দুজন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান জয়াবর্ধনের (১৪৬৯), ষষ্ঠ সর্বোচ্চ সাঙ্গাকারার (১৩৩০)। আজ ভালো করলে জেপি ডুমিনি (১৩৪২) ও ডেভিড ওয়ার্নারকে (১৩৯১) ছাড়িয়ে সাঙ্গাকারার সুযোগ থাকছে চারে থেকে ক্যারিয়ার শেষ করার। বিদায়বেলায় দুজনের জন্য শ্রদ্ধার মিছিল ওই প্রতিকূল স্রোতে সাঁতরে সফল হওয়ার জন্যই। জয়াবর্ধনে-সাঙ্গাকারা দেখিয়েছেন টি-টোয়েন্টির ব্যাটিং মানেই মারদাঙ্গা বা ধুমধাড়াক্কা নয়। সময়ের শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে যে পথের অনুসারী বলা যায় বিরাট কোহলিকে।

বিদায়ী টুর্নামেন্ট থেকে এখন বিদায়ী ম্যাচ। ফাইনাল বলেই বিদায় আলোচনার পালে লাগছে আরও জোর হাওয়া। আরেকটি ফাইনাল, আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ। সমৃদ্ধ ক্যারিয়ারে অসংখ্য প্রাপ্তির আলোর নিচে অন্ধকার স্রেফ একটিই, স্বাদ নেওয়া হয়নি কোনো বিশ্ব শিরোপার। ২০০৭, ২০০৯, ২০১১, ২০১২...একেকটি ফাইনাল জয়াবর্ধনে-সাঙ্গাকারার জন্য একেকটি দীর্ঘশ্বাস।
একটি বিশ্ব শিরোপার জন্য হাহাকারের কথা কয়েক বছর ধরে বারবারই বলেছেন দুজন। কিন্তু একের পর এক ফাইনালে হার বরং না পাওয়ার যন্ত্রণা বাড়িয়েছে আরও। গত এশিয়া কাপ শুরুর আগে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বারবার ফাইনালে হারের যন্ত্রণা বোঝাতে সাঙ্গাকারা বলেছিলেন, ‘ভেতরটা খালি খালি লাগে, লজ্জা লাগে। মনে হয় শুধু নিজেকে নয়, পরিবারকেও ডুবিয়েছি। ডুবিয়েছি আরও অনেক অনেক মানুষকে, আশায় বুক বেঁধে যারা আমাদের খেলা দেখতে বসে। হতাশায় ছেয়ে যায় মন, বেশ কটা দিন আর খেলার তাড়নাই বোধ করি না। ভেতরে এত এত অনুভূতি তোলপাড় তোলে, সব বোঝানোও মুশকিল।’
আজ কি আবার সেই দুঃসহ অনুভূতির সঙ্গে দেখা হওয়ার রাত, নাকি অধরা এক আনন্দসুধা পানের রাত? ড্যারেন স্যামি কিন্তু পরের ছবিটাই দেখতে পেয়েছেন। লঙ্কান ব্যাটিংয়ের দুই মহিরুহ মিলে সেমিফাইনালে করেছিলেন ৬ বলে ১ রান। শ্রীলঙ্কা তবু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছিলেন, ‘আমার ধারণা ঈশ্বর চান ওরা দুজন মাথা উঁচু করে বিদায় নিক। এ জন্যই হয়তো এই ম্যাচে হস্তক্ষেপ করেছেন!’
এই টুর্নামেন্টের দিকে একটু ফিরে তাকান। বরাবরই শ্রীলঙ্কা ফাইনালে ওঠে এই দুজনের ব্যাটে ভর করে। কিন্তু এবার একটি মাত্র ম্যাচে ভালো করেছেন জয়াবর্ধনে, ৮৯ করা সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। রান পাননি বাকি চার ইনিংসে। সাঙ্গাকারা তো চার ইনিংস মিলিয়ে করেছেন ১৯ রান! তবু ফাইনালে শ্রীলঙ্কা। দুই কিংবদন্তির বিদায়ের উপলক্ষটাকেই কি তবে অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার মঞ্চ ভেবে রেখেছেন ক্রিকেট-বিধাতা!
বিদায়ের রাগিণীকে যদি ছাপিয়ে যায় আনন্দের হিল্লোল, এর চেয়ে ভালো আর কী হতে পারে!