বিদায়ে থাকছেন শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বিশ্বকাপেরও সমাপনী অনুষ্ঠান মাতিয়েছিলেন শাকিরা l ফাইল ছবি
গত বিশ্বকাপেরও সমাপনী অনুষ্ঠান মাতিয়েছিলেন শাকিরা l ফাইল ছবি

বিশ্বময় শব্দতোলা ঝিঁঝিঁ পোকাগুলো চুপ মেরে যাবে; বিশ্বকাপের ঢেউ আছড়ে পড়বে না ব্রাজিল ছাড়িয়ে সারা দুনিয়ায়। চায়ের কাপে ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা মেসি-নেইমার নামগুলো খুব কমই ঝড় তুলবে হয়তো। ‘শেষ হইয়াও হইল না শেষ’। ফুটবলের এই মহাযজ্ঞ আবারও ফিরে আসবে চার বছর পর। আপাতত, ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’। হ্যাঁ, ১৩ জুলাই রিও ডি জেনিরোয় ঐতিহাসিক মারাকানার মাঠে দুই ফাইনালিস্টের লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪। কিন্তু চার বছর পরপর আসা অতিথিকে কি এভাবে বিদায় দেওয়া যায়? ফিফা জানিয়েছে খেলা শুরুর আগে সুরের মূর্ছনায় বিদায় জানানো হবে ২০১৪ বিশ্বকাপকে।
তো কারা থাকছেন বিদায়ী অনুষ্ঠানে? উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্সে অখুশি ভক্তদের মনের মেঘ দূর করতেই মারাকানা মাতাবেন শাকিরা। ‘হিপস ডোন্ট লাই’খ্যাত এই পপতারকা ‘লা লা লা’ নিয়ে হাজির হবেন সেদিন। ফুটবলের সঙ্গে দারুণভাবে জড়িয়ে থাকা এই গায়িকা ভালোবাসা থেকেই অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁর মুখেই শুনুন, ‘অনেক কারণেই ফুটবলের সঙ্গে জড়িয়ে আছি। আমার নিজের কাছে তো বটেই, লাখো মানুষের কাছে বিশ্বকাপ কী, সেটা ঠিকই টের পাই।’ শাকিরার ‘লা লা লা’র সঙ্গে গলা মেলাবেন ব্রাজিলিয়ান গায়ক কার্লিনহস ব্রাউন। একই মঞ্চে থাকবেন মেক্সিকান-আমেরিকান কিংবদন্তি গিটারিস্ট কার্লোস সান্তানা, র্যাপার উইক্লিফ, ব্রাজিলীয় গায়ক আলেক্সান্দ্রে পিরেস। এসব বড় তারকা ছাড়াও রিওর স্থানীয় শিল্পীরা এবারের বিশ্বকাপের স্তবগান ‘উই উইল ফাইন্ড আ ওয়ে’র সঙ্গে কণ্ঠ মেলাবেন। আর ব্রাজিলের অনুষ্ঠানে সাম্বার ছোঁয়া থাকবে না এমনটি বলা তো ঘোরতর অন্যায়! ফিফাডটকম, এএফপি, রয়টার্স।