বিদায়ে সঙ্গী চার গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল করে মানুষ এমন মুখ কালো করে ফেলতে পারে, রবার্ট ভিতেককে না দেখলে বোঝা যেত না। পেনাল্টি শটে বলটা জালে জড়িয়ে দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। হতাশা আর বিস্ময় মেশানো দৃষ্টি নিয়ে চেয়ে রইলেন—ম্যাচটা এখানেই শেষ হয়ে গেল!হ্যাঁ, ভিতেকের শট জালে জড়িয়ে যাওয়া মাত্র শেষ বাঁশি বেজে গেল ম্যাচের। শেষ হয়ে গেল স্লোভাকিয়ার দুর্দান্ত এক বিশ্বকাপ অভিযান। শেষ হয়ে গেল রবার্ট ভিতেকের স্বপ্ন। অবশ্য ম্যাচ শেষে ভিতেক এই শোক সামলে উঠেছেন বলেই মনে হয়। বিদায়ের শোকটাকে বড় করে না দেখে দেশের প্রাপ্তিটাকেই উঁচুতে তুলে ধরলেন ভিতেক, ‘আমরা গর্ব নিয়ে এবং মাথা উঁচু করে বাড়ি ফিরে যাচ্ছি। শুধু আজকের ম্যাচে নয়, সেই প্রথম থেকে এই ম্যাচ পর্যন্ত আমরা যা কিছু করতে পেরেছি, তা নিয়ে গর্বিত।’অতীতে চেকোস্লোভাকিয়ার অংশ হিসেবে স্লোভাকিয়ার দুবারের বিশ্বকাপ ফাইনালিস্ট হওয়ার ঐতিহ্য আছে। কিন্তু নিজেদের ইতিহাস এবারের বিশ্বকাপেই শুরু করল তারা। ১৯৩৯ সালে জার্মানিকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল চেকোস্লোভাকিয়ার। কিন্তু চেকোস্লোভাকিয়া থেকে আলাদা হওয়ার পর বর্তমান স্লোভাকিয়া আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করে ১৯৯৪ সালে। এর পর থেকে গত তিনটি বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে পারেনি তারা। সেই ধাপটা পার হয়ে এসেই এবার চমকে দিল স্লোভাকরা। বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ ড্র, পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ০-২ গোলের হার। কিন্তু চমকে দিল তারা শেষ ম্যাচে। প্রথম ম্যাচে এক গোল করা রবার্ট ভিতেকের জোড়া গোলে ৩-২ ব্যবধানে হারিয়ে দিল তারা ইতালিকে। শুধু হারানোই নয়, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে গ্রুপ পর্ব থেকে বিদায় করেই দিল স্লোভাকিয়া। আর এই পুরো কৃতিত্বের দাবিদার নিজেদের বিদায়ের আগ পর্যন্ত চার গোল করা ভিতেক। গতকাল রাতে কেউ টপকে গেলে আলাদা কথা, নইলে ৪ গোল করে রবার্ট ভিতেক এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা দুই গোলদাতার একজন। স্লোভাকিয়ার মতো নবাগত দলের এক খেলোয়াড়ের জন্য প্রাপ্তিটা নিতান্ত কম নয়।ভিতেক তাঁর প্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত। কিন্তু বেশি আনন্দিত দেশের মানুষের মন জিততে পেরে, ‘আমরা আর কিছু না হোক স্লোভাকিয়ার মানুষের মন জিততে পেরেছি। আশা করি, এখন আমরা উদ্যাপন করতে পারব। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে দুনিয়াকে দেখাতে পেরেছি, আমারও গোল করার ক্ষমতা আছে।’ভিতেক ব্যক্তিগত আনন্দ নিয়ে থাকুন। কিন্তু ভ্লাদিমির ভেইস তো তা পারছেন না। দলের খেলা দেখে আফসোসে পুড়তে হচ্ছে তাঁকে। এই ম্যাচেও তো জিতে যেতে পারতেন তাঁরা! তার পরও গর্বিত চেকোস্লোভাকিয়ার হয়ে নব্বই বিশ্বকাপ খেলা ভেইস, ‘ভাগ্য একটু পক্ষে থাকলে ম্যাচটা জিতেও যেতে পারতাম। তবে যারা জিতেছে, তারই সেরা দল। হল্যান্ড খুবই ভালো দল। কিন্তু আমার খেলোয়াড়েরা ইতালির পর ডাচদের বিপক্ষেও খুব সাহস ও ভালো ফুটবল দেখিয়েছে। খেলোয়াড়েরা যা করেছে, তাতে আমি গর্বিত।’ এএফপি, ওয়েবসাইট।