বিদায়ের আগে ‘শান্ত’ গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যু ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন স্প্যানিশ লিগ থেকে। আজ সত্যিকারের বিদায়। কোপা ডেল রে’র ফাইনাল দিয়ে আজ রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি ঘটবে কোচ পেপ গার্দিওলার।বিদায়ী ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা ছিলেন খুব শান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বেশ সতর্কভাবে। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও সম্পর্কে গার্দিওলার মূল্যায়ন, ‘বিলবাও এমন একটা দল, যেটি কখনো হাল ছাড়ে না। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে হারিয়েছে দলটি। আমার মনে হয়, ম্যাচটা কঠিন হবে।’বাংলাদেশ সময় আজ রাত দুইটায় ম্যাচটি মাঠে গড়াবে স্পেনের রাজধানী মাদ্রিদে। মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, এ ম্যাচে জাতীয় সংগীত বাজানো হলে সঙ্গে সঙ্গে ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। তাঁর মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘জাতীয় সংগীত বাজানোর পক্ষে আমি নই। আমি মনে করি, এই অঞ্চলের প্রেসিডেন্ট মাঠে আসতে পারতেন। তবে ফাইনালে তাঁর উপস্থিত না হওয়ার সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। এখানে শুধুই ফুটবল খেলা হবে। অন্য যেকোনো ইস্যু সংসদে সমাধান করা যেতে পারে।’গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন গার্দিওলা। নিজেদের ইতিহাসে সেরা এই কোচের উত্তরসূরি নির্বাচন করতে এতটুকু সময় নেয়নি বার্সা। গার্দিওলার বিদায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর সহকারী টিটো ভিলানোভাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে ক্লাবটি। মিডিয়ায় গুঞ্জন চলছে, গার্দিওলার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন কোচের নাম ঘোষণা করেছিল বার্সা। তবে এই গুঞ্জন সত্য নয় বলে দাবি করেছেন গার্দিওলা।‘চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পরই আমি টিটোকে ফোন করি। তাঁকে বলেছিলাম, আমার বিদায় নেওয়ার সময় এসে গেছে। ক্লাব তোমাকে প্রস্তাব দিতে চলেছে। এখন সিদ্ধান্ত তোমার। তবে যে সিদ্ধান্তই না-ও না কেন, আমি তোমার সঙ্গে আছি।’২০০৮ সালে দায়িত্ব নিয়ে বার্সেলোনাকে ১৩টি শিরোপা এনে দিয়েছেন গার্দিওলা। চলতি মৌসুমটা অবশ্য ভালো কাটেনি। শীর্ষ দুটি শিরোপা স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটিই অধরা থেকে গেছে। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে শিরোপা হাতছানি দিচ্ছে তাঁকে। ২০০৯ সালে বিলবাওকে হারিয়েই বার্সেলোনার হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন গার্দিওলা। রয়টার্স।