বিদায়ের আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক। কেমন লাগছিল তাঁর মাঠে নামার আগে? দুরুদুরু বুক কাঁপছিল? স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না কোথাও, বড্ড অস্থির লাগছিল? শিরায়-উপশিরায় অনুভব করছিলেন রোমাঞ্চ!অভিষেকের আগে যে অনুভূতি হয়েছিল, ১৭ বছর পেরিয়ে এসে সেই একই অনুভূতির মুখোমুখি হয়েছেন রোনালদো। পার্থক্য, সেদিন তাঁর মনে উত্তেজনার পাশাপাশি ছিল জাতীয় দলে ক্যারিয়ার শুরু করতে পারার আনন্দ। এবারও উত্তেজনা ছিল, কিন্তু তাতে মিশে ছিল ক্যারিয়ার শেষ করার দুঃখও।আজ বাংলাদেশ সময় সকালে ব্রাজিল-রুমানিয়া প্রীতি ম্যাচটি অন্য মাত্রা পেয়ে গেছে ‘দ্য ফেনোমেনন’-এর বিদায়ী ম্যাচ বলে। জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন। ক্লাব ফুটবল ছাড়ারও ঘোষণা এসেছে কিছুদিন আগে। বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিকের আন্তর্জাতিক অঙ্গন থেকে এমন নীরব বিদায় মানায় না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাই মাঠ থেকেই বিদায় নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এ কারণেই আবারও রোনালদো ব্রাজিলের জার্সি গায়ে মাঠে। ব্রাজিলের পক্ষে ৯৭ ম্যাচে ৬২ গোল করা রোনালদো ৯ নম্বর জার্সি পরে শেষবারের মতো মাঠে নামার আগে বলছিলেন, ‘আমি এতটাই নার্ভাস, রীতিমতো কাঁপছি। আমি সত্যিই আবেগে ভেসে যাচ্ছি। গুডবাই বলার জন্য আসলে নিজেকে প্রস্তুত মনে হচ্ছে না। ব্রাজিল জাতীয় দলের কাছে আমার অনেক ঋণ। শুরু থেকেই জাতীয় দল আমার জন্য পুরো বিশ্বের দুয়ার খুলে দিয়েছিল।’এই লেখা যখন পড়ছেন, তখন হয়তো ম্যাচ চলছে, নয়তো শেষ হয়ে গেছে এরই মধ্যে। ম্যাচে রোনালদো কী করেছেন, সেটা এতক্ষণে অনেকে জেনেই গেছেন। বেশিক্ষণ খেলার কথা অবশ্য ছিল না তাঁর। ম্যাচটি শুধু রোনালদোর বিদায়ী ম্যাচই নয়, ব্রাজিলের কোপা আমেরিকার প্রস্তুতিও। এ কারণে কয়েক মিনিট খেলার কথা ছিল তাঁর। এরই মধ্যে রোনালদো কি গোলটোল কিছু করে বসেছেন!করতে পারলে সেটি হতো তিনবারের ফিফা বর্ষসেরার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সমাপ্তি। রোনালদোও বলছিলেন, ‘গোল করেই বিদায় নেওয়ার স্বপ্ন আমি দেখছি।’ মজা করেই বলেছেন, পেনাল্টি পেলে কাজটা তাঁর জন্য আরও সহজ হয়, ‘সতীর্থদের তাই বলেছি, পেনাল্টি বক্সে ঢোকামাত্রই তোমরা পড়ে যাবে (যেন রেফারি ফাউলের বাঁশি বাজান)।’ ওয়েবসাইট।