বিদায়ের দিনে খোশ মেজাজেই প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে ব্যর্থতা যেন কোনো ব্যাপারই নয়। বিশ্বের অন্যতম সেরা দল হয়েও ক্রিকেটের বড় আসরগুলোয় এই দলটির শিরোপা-খরা ক্রিকেটপ্রেমীদের ভাবিয়ে তুললেও তাদের ক্রিকেটাররা যেন এ সবকিছুর ঊর্ধ্বে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারার পরদিন আজ হোটেল সোনারগাঁওয়ে গিয়ে প্রোটিয়া ক্রিকেটারদের ফুরফুরে মেজাজেই পাওয়া গেল। আগের দিন ক্রিকেটের আরও একটি বড় আসরে সেমি থেকে বিদায়ের কোনো ছাপই দেখা গেল না তাঁদের মধ্যে।

বিকেলেই দেশের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা তাঁদের। যাওয়ার আগে প্রোটিয়া ক্রিকেটারদের অনেককেই সেরে নিলেন প্রয়োজনীয় কেনা-কাটা। ডেল স্টেইন, মরনে মরকেল, লোওয়ানবো সতসবে সবাই হোটেলের বাইরে চলে গেলেন যথেষ্ট উত্সাহ নিয়েই। স্টেইন আবার এক ভারতীয় সাংবাদিকের সঙ্গেও কথা বললেন। জানা গেল, ভারতের একটি পত্রিকায় তিনি কলাম লিখছেন। ওই সাংবাদিকের সঙ্গে আলাপচারিতা তাঁর সে ব্যাপারেই।

ঘণ্টা খানেক পর যখন স্টেইনরা ফিরলেন, তখন সবার হাতেই বিভিন্ন ধরনের প্যাকেট। গিয়েছিলেন হোটেলের কাছেই বসুন্ধরা সিটিতে। প্যাকেটগুলোর গায়ে লেখা দোকানের নাম দেখে বোঝা গেল, জামা-কাপড়, জুতো-টুতো তো তাঁরা কিনেছেনই, সস্তায় পেয়ে কিনেছেন প্রচুর ডিভিডিও।

হোটেলের লিফটের গোড়ায় দাঁড়িয়ে গতকালের ম্যাচ সম্পর্কে জিজ্ঞেস করতেই গত্বাঁধা উত্তর স্টেইনের, ‘আমরা ভালো খেলিনি দেখেই হেরেছি। বোলিংটা খুব খারাপ হয়েছে।’ তাঁর দল ‘চোকার’ কিনা, এমন একটি প্রশ্নও ছোড়া হয়েছিল তাঁর দিকে। উত্তর দেওয়ার বদলে কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি, ‘আর কথা নয়। তাড়া আছে। ভালো থেকো।’
এই প্রশ্নের উত্তর দিতে দিতে যে ক্লান্ত প্রোটিয়া ক্রিকেটাররা!