বিদায়ের বাঁশি শুনছে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা নিচু করেই টানেলের পথ ধরলেন। বেরিয়ে গেলেন দৃশ্যপট থেকে। মাত্র ছয় মাস আগে যে টুর্নামেন্ট তাঁকে তুলে দিয়েছিল ইতিহাসের পাতায়, সেই টুর্নামেন্ট থেকেই এবার নত মাথায় বেরিয়ে গেলেন রবার্তো ডি মাত্তেও। ইতালিয়ান কোচের এই বেরিয়ে যাওয়া হলো প্রতীকী। চেলসি কোচের পদ থেকেই সরে যেতে হলো ডি মাত্তেওকে। বেরিয়ে যাওয়ার মুখে চেলসিও! ইতিহাসের প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে ক্রিসমাসের আগেই বিদায়শঙ্কা জেগেছে ইংলিশ দলটির।পরশু জুভেন্টাসের মাঠে গিয়ে ৩-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেছে চেলসি। জুভেন্টাসের একের পর এক আক্রমণে চেলসি রক্ষণে ধরছিল ফাটল। রক্ষণদুর্গের সেই দেয়াল ৩৮ মিনিটে ভেঙে দেন ফ্যাবিও কুয়ালারেল্লা। প্রথমার্ধে এই একটাই গোল। ৬১ মিনিটে ২-০ করেন আর্তুরো ভিদাল। শেষ বাঁশি বাজার খানিক আগে কফিনে শেষ পেরেক ঠুকে দেন সেবাস্তিয়ান জোভিঙ্কো। চেলসির দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা এখন ঝুলছে সুতোয়। নরশেলানের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে জুভেন্টাস-শাখতার দোনেৎস্ক ম্যাচেও। চেলসি জিতলে আর জুভরা হারলেই কেবল মিলবে নকআউট পর্বের টিকিট। শাখতার বড় জয় দিয়ে এরই মধ্যে শেষ ষোলোতে উঠে গেছে এই গ্রুপ থেকে। পরশু আরেক ইংলিশ ‘দৈত্য’ ম্যানচেস্টার ইউনাইটেড অপ্রত্যাশিতভাবে হেরে গেছে গ্যালাতাসারাইয়ের কাছে। এই পরাজয়ে অবশ্য কিছু এসে-যায়নি আগেই শেষ ষোলো নিশ্চিত করা ইউনাইটেডের। লিওনেল মেসির জোড়া গোলে পরের রাউন্ড নিশ্চিত করেছে বার্সেলোনাও। ভ্যালেন্সিয়া-বায়ার্ন ম্যাচটি ১-১ গোলে ড্র। দুই দলই হাতে হাত রেখে পেয়েছে নকআউট পর্বের টিকিট। সেল্টিককে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে বেনফিকা। সেল্টিক-বেনফিকা দুই দলেরই পয়েন্ট এখন ৭। ‘এইচ’ গ্রুপেও সমান ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে ক্লুজ আর গ্যালাতাসারাই। ব্রাগার বিপক্ষে মাত্র ২৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে রোমানিয়ার ক্লাব ক্লুজকে বড় অর্জনের দিকে নিয়ে গেছেন রুই পেদ্রো।জুভদের সমীকরণটা চেলসির চেয়ে অনেক সহজ। কারণ ড্র করলেও ২০০৯ সালের পর প্রথম নকআউট পর্বে উঠে যাবে ইতালিয়ান দলটি। ইতালিয়ান দল হলেও আক্রমণাত্মক ফুটবলেই বিশ্বাসী তুরিনের ক্লাবটি। পরশু অজস্র সুযোগ তৈরি করেছে তারা। সব মিলে ছিল ২৫টি শট, যার ১৩টিই ছিল অনটার্গেট বা গোলের মধ্যে! ১০টি সেভ করেছেন চেলসি গোলরক্ষক পিওতর চেক, যার কয়েকটিই ছিল দুর্দান্ত। ম্যাচ শেষে জুভেন্টাসের সহকারী কোচ অ্যাঙ্গেলো অ্যালিসিও জানিয়েছেন, শেষ ম্যাচেও জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়বে তাঁর দল, ‘আমরা ড্রয়ের জন্য খেলব না।’ চেলসির সামনে সমূহ বিপদ! এএফপি, রয়টার্স। এক নজরে নরশেলান ২ : ৫ শাখতার জুভেন্টাস ৩ : ০ চেলসি বাতে বরিসভ ০ : ২ লিল ভ্যালেন্সিয়া ১ : ১ বায়ার্ন স্পার্তাক মস্কো ০ : ৩ বার্সেলোনা বেনফিকা ২ : ১ সেল্টিক গ্যালাতাসারাই ১ : ০ ইউনাইটেড ক্লুজ ৩ : ১ ব্রাগা* প্রথমে স্বাগতিক দল