‘২০১২ ইউরোতে এখন পর্যন্ত রাশিয়াই সবচেয়ে ভালো ফুটবল খেলেছে’—প্রথম দুই ম্যাচ শেষে এই ছিল রাশিয়ার ডাচ কোচ ডিক অ্যাডভোকাতের মূল্যায়ন। নিজেদের আক্রমণাত্মক ফুটবলের ধারাটা অব্যাহত রেখেই আজ কোয়ার্টার ফাইনালে পা রাখতে চায় রাশিয়া।প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা রাশিয়া আজ গ্রিসের সঙ্গে ড্র করলেই পেয়ে যাবে শেষ আটের টিকিট। কিন্তু ড্র নয়, জয়ের ছক কষেই মাঠে নামছে অ্যাডভোকাতের দল। জেনিত সেন্ট পিটার্সবার্গের মিডফিল্ডার রোমান শিরোকোভ যেমন পরাজয়কে কল্পনাতেই ঠাঁই দিচ্ছেন না, ‘হ্যাঁ, গ্রিসের সঙ্গে ড্র-ই আমাদের নকআউট পর্বে তুলে দেবে। কিন্তু আমাদের জিতে ওয়ারশতেই থাকা উচিত। অন্য যেকোনো ফল হবে অগ্রহণযোগ্য।’ ড্রয়ের আশায় মাঠে নেমে হেরে গেলেই বিপদ! শিরোকোভের ক্লাব-সতীর্থ গোলরক্ষক ভিচেস্লাভ মালাফিয়েভের কণ্ঠেও তাই একই সুর, ‘এটা আমাদের ভুলে যেতে হবে, ড্র হলেই আমরা আমাদের নকআউট পর্বে উঠে যাব। আমাদের বরং একটা, দুটি...যত বেশি পারি গোল করতে হবে।’ বেশি বেশি গোলের কথা রাশিয়া ভাবতে পারছে ফর্মের তুঙ্গে থাকা অ্যালান জাগোয়েভের কারণে। দুই ম্যাচে তিন গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা জাগোয়েভ। দেশের সর্বশেষ পাঁচ ম্যাচে ২১ বছর বয়সী তরুণ করেছেন ছয় গোল।রুশদের আশাবাদই আবার গ্রিকদের জন্য হুমকি। ২০০৪ সালে সবাইকে চমকে দিয়ে রূপকথা লিখেছিল গ্রিস। ফুটবল কী নিষ্ঠুর! আট বছর আগের সাফল্য পুনরাবৃত্তির স্বপ্ন নিয়ে পোল্যান্ডে যাওয়া গ্রিকরা আজ মাঠে নামছে বিদায়-শঙ্কা মাথায় নিয়ে! ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে গ্রিস। জিততে না পারলেই ফিরতে হবে ঘরে। ইতিহাসও গ্রিকদের পক্ষে কথা বলে না। ১০ বারের সাক্ষাতে মাত্র একবারই রাশিয়াকে হারাতে পেরেছে গ্রিস, সেও ২০ বছর আগে। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিপক্ষেও গ্রিসের রেকর্ডটা ছিল যন্ত্রণাদায়ক। ১১ ম্যাচের নয়টিতেই হার। তার চেয়েও বড় হতাশা, ২০০৪ ফাইনালের পর ইউরোর চূড়ান্ত পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে গ্রিকরা, বাকি ম্যাচটি ড্র। তার পরও রাশিয়ার বিপক্ষে ম্যাচটাকে তারা দেখছে শেষ সুযোগ হিসেবে। গ্রিকদের পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের কথা, ‘এটা একটা সুযোগ। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে, এটা সম্ভব।’ এএফপি, রয়টার্স।