বিদেশ সফর বলেই এত কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ভবনের সিঁড়িতে সার বেঁধে বসা সোহাগ, মিঠুন, সুজন, রনি, শাকিলেরা। অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের এই খেলোয়াড়েরা প্রস্তুতি নিচ্ছিল কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার। অথচ এ সময় তাদের প্রস্তুতি নেওয়ার কথা ডেনমার্ক-যাত্রার। ২৬-৩০ জুলাই কোপেনহেগেনে আন্তর্জাতিক ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে আজই ঢাকা ছাড়ার কথা ছিল তাদের। কিন্তু ভিসা জটিলতায় ডেনমার্কে যাওয়াটা সংশয়াচ্ছন্ন।কাপ-ডেনমার্ক নামের টুর্নামেন্টে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, সুইডেন, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্রসহ ১৭০টি দলের একটি বাংলাদেশ— কদিন আগে জানিয়েছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। কিন্তু কাল জানা গেল, ভিসা পাওয়া সাপেক্ষে ডেনমার্কে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। কাল বিকেল পর্যন্ত ভিসা হয়নি কারোর।২৭ সদস্যের ফুটবল দলে কর্মকর্তা ১০ জন! তবে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েও শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছেন সহসভাপতি বাদল রায় ও সদস্য শেখ মোহাম্মদ আসলাম। এ সফরে যাওয়ার জন্য নাকি একধরনের প্রতিযোগিতাও শুরু হয়ে গিয়েছিল কর্মকর্তাদের মধ্যে।বাংলাদেশে ডেনমার্কের দূতাবাস নেই। ভিসাসংক্রান্ত সব কাগজ পেতে কর্মকর্তাদের বারবার ঢাকাস্থ সুইডেন দূতাবাসে ঢুঁ মারতে হচ্ছে। ১৫ জুলাই ভিসার জন্য আবেদন করে ফেডারেশন। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভিসা পাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যেতেই যখন হবে, তাহলে এত দেরি করে কেন ভিসার জন্য আবেদন করা হলো? ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, ‘ডেনমার্ক সফরে জনপ্রতি গড়ে এক লাখ টাকা খরচ হবে। এ মুহূর্তে ২৭ সদস্যের দল নিয়ে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন। এ জন্যই টুর্নামেন্টে যাওয়ার সিদ্ধান্ত প্রথমে বাতিল করা হয়।’ প্রশ্ন হলো, স্কুল ফুটবলের পৃষ্ঠপোষক থেকে পাওয়া ৫ কোটি টাকা তাহলে গেল কোথায়? তবে কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহযোগিতায় আবারও নড়েচড়ে বসে ফেডারেশন। শেষ মুহূর্তে ১৪ জুলাই সিদ্ধান্ত হয়, ডেনমার্কে যাবে বাংলাদেশ দল। এর পরদিন ভিসার আবেদন করা হয়। গত ২৫ জুন থেকে কাপ-ডেনমার্কের জন্য প্রস্তুতি নিচ্ছিল ৩১ জন ফুটবলার। সেখান থেকে বাছাই করা ১৭ জন যাবে ডেনমার্কে।