বিদেশি গোলরক্ষক কোচ চান ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী সালাউদ্দিনের কপালে এমনিতেই চিন্তার ভাঁজ। দুই ডাচ কোচ এবং তাঁদের চাহিদা মেনে এরই মধ্যে আনা ডাচ ট্রেনারের বেতন মাসে প্রায় ৪০ লাখ টাকার মতো। এই টাকা জোগাড় করা সহজ ব্যাপার নয় বাফুফের জন্য। তার ওপর প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ পরশু বাফুফে সভাপতিকে ফেলেছেন আরও বড় চিন্তায়। ডি ক্রুইফ এবার একজন বিদেশি গোলরক্ষক কোচ চেয়েছেন। বিদেশি গোলরক্ষক কোচ আনা মানে মাসে আরও কয়েক লাখ টাকার ধাক্কা।

বাফুফের হাতে অঢেল টাকা থাকলে কোনো কথাই ছিল না। কিন্তু এখন তো এদিক-সেদিক থেকে জোড়াতালি দিয়ে টাকা জোগাড় করা হচ্ছে। স্থায়ী আয়ের কোনো উৎস নেই। এটাই যত চিন্তার কারণ সালাউদ্দিনের, ‘কোচ বলেছেন, তাঁর হাতে স্বদেশি ভালো গোলরক্ষক কোচ আছে। এখন আমরা হ্যাঁ বললেই নিয়ে আসবেন। কিন্তু টাকা কোথায়? টাকা থাকলে সঙ্গে সঙ্গেই সবুজ সংকেত দিয়ে দিতাম। এখন একটু সময় নিচ্ছি।’ ডি ক্রুইফ বিদেশি কোচ চাওয়ার পক্ষে শক্ত কারণও দেখিয়েছেন সালাউদ্দিনকে, ‘কোচের কথা হচ্ছে, বাংলাদেশের গোলরক্ষকদের টেকনিক্যাল জ্ঞানশূন্য। তাই বিদেশি গোলরক্ষক কোচ চাই। কাল (পরশু) এসে এই চাহিদা জানিয়ে গেছে ক্রুইফ।’ জাতীয় দলের সঙ্গে বর্তমানে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করছেন স্থানীয় কোচ জাহিদুর রহমান (মিলন)। নিজে গোলরক্ষক ছিলেন বলে এই দিকটা দেখছেন জাহিদুর। তবে তিনি বিশেষজ্ঞ গোলরক্ষক কোচ নন। এই অবস্থায় আর্থিক টানাপোড়েন থাকলেও কোচের চাহিদা পূরণ না করে উপায়ও দেখছেন না বাফুফে সভাপতি, ‘কোচের চাহিদা পূরণ করা আমাদের দায়িত্ব। অবশ্যই বিদেশি গোলরক্ষক কোচ আনা উচিত। এটা দরকার। দেখা যাক কী করা যায়।’ প্রধান কোচ, সহকারী কোচ, ট্রেনারের পর গোলরক্ষক কোচও বিদেশি হলে একটা বৃত্তই পূরণ হয়! বাংলাদেশের ফুটবলে আগে কখনো বিদেশি গোলরক্ষক কোচ আনা হয়নি। এবার আনা হলে সেটি হবে ব্যতিক্রমী এক ঘটনা।