বিদেশি দল আনতে ব্যর্থ হকি ফেডারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ঈদের পর পরই ঢাকা আসবে ভারতীয় ফুড করপোরেশন হকি দল। এশিয়া কাপগামী বাংলাদেশ দলের সঙ্গে তিনটি অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থাও প্রায় পাকা হয়ে যায় ঈদের আগে। কিন্তু কাল জানা গেল, ভারতীয় দলটি আসছে না। এশিয়া কাপের আগে ঢাকায় কোনো বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না জিমিরা।
এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ খেলার ঘাটতি থেকেই যাচ্ছে। হকি ফেডারেশন কোনো বিদেশি দলকে ঢাকায় আনতে পারল না। ক্ষমতার রশি টানাটানির আড়ালে ফেডারেশনের সাংগঠনিক ব্যর্থতা বেরিয়ে পড়েছে আবারও।
এশিয়া কাপে বাংলাদেশ দলের ম্যানেজার ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ এই ব্যর্থতার একটা অজুহাত খাড়া করিয়েছেন, ‘আমরা তো চেষ্টা করছি। দল না পেলে কী করার আছে। ইন্ডিয়ান ফুড করপোরেশন দলটি আসবে না ব্যস্ততার কারণে। এটা জানার পর এখন আর অন্য কোনো দল আনার সময়ও নেই।’
বিকল্প হিসেবে সিঙ্গাপুরকে ঢাকায় আনার কথা শোনা গিয়েছিল, সেটিও হচ্ছে না। হকি ফেডারেশন এখন আত্মতৃপ্তি পেতে চায় এই ভেবে, ২০ আগস্ট এশিয়া কাপের ভেন্যু মালয়েশিয়ার ইপোতে গিয়ে ২২ তারিখ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দলের একটা প্রীতি ম্যাচ খেলা চূড়ান্ত হয়েছে।
কোচ নাভিদ আলমও ফেডারেশনে কর্তাদের সুরেই কথা বলছেন। ঢাকায় বিদেশি দলের সঙ্গে ম্যাচ না পেলেও হতাশ নন তিনি, ‘ঢাকায় আমরা নিজেদের মধ্যে তো খেলবই, কোনো বাহিনী দলের সঙ্গেও খেলা যেতে পারে। ঢাকা ছাড়ার আগে কোনো বিদেশি দলের সঙ্গে খেলতে না পারাকে আমি বড় কোনো সমস্যা মনে করি না।’
২৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।