বিদেশি ফুটবলার নিয়ে দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শুরুর আগে বিদেশি ফুটবলার ক্যাম্পে এনে পরখ করছে ঢাকার ক্লাবগুলো। এবার গোলরক্ষকসহ ৫জন বিদেশি নিতে পারবে প্রতি দল। মোহামেডান কাল দুজন রুয়ান্ডান ফুটবলার নিয়ে এসেছে। একজনের নাম হাবুনুজিসা ইসমাইল। অন্যজনের বিদঘুটে নামের কাছাকাছি উচ্চারণ হতে পারে উইরিংইমানা আমানি। দুজনই মিডফিল্ডার।এই দুই খেলোয়াড় সম্পর্কে মোহামেডান কোচ শফিকুল ইসলাম (মানিক) জানিয়েছেন, ‘দুজনের বয়সই ২১। রুয়ান্ডার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলে খেলেছে দুজনই। অনূর্ধ্ব-২০ দলে এদের একজন অধিনায়কও ছিল। সম্প্রতি রুয়ান্ডার জাতীয় দলে ঢুকেছে বলে জেনেছি। তবে অনুশীলনে দেখলেই বোঝা যাবে তারা আসলে কেমন খেলোয়াড়।’আজই আরও দুজন খেলোয়াড় আসতে পারে মোহামেডানে। একজন রুয়ান্ডার, অন্যজন কেনিয়ার। অনুশীলনে দেখে এঁদের নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্লাব। এবার স্থানীয় অখ্যাত সব খেলোয়াড় নিয়ে দল গঠন করছে মোহামেডান। অস্তিত্বের লড়াইয়ে সাদা-কালোদের বড় ভরসা বিদেশি খেলোয়াড়, এ জন্যই বিদেশি ফুটবল নিয়ে এত দৌড়ঝাঁপ। চার ঘানাইয়ান খেলোয়াড় নিয়ে আসামের বরদুলই ট্রফি জিতে এসেছে আবাহনী। ট্রায়াল দিতে একজন নাইজেরিয়ান এসেছেন। আরেকজন নাইজেরিয়ান আসার কথা। ঘানার পুরোনো দুজন স্ট্রাইকার আউডু ইব্রাহিম ও স্টপার সামাদ ইউসুফ এবারও থাকছেন। বরদুলইয়ে খেলা বাকি দুই ঘানাইয়ান, স্ট্রাইকার ফ্রাঙ্কো ও মিডফিল্ডার আমিনুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এঁদের ব্যাপারে ক্লাবের মনোভাব ইতিবাচকই। ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) বলছেন, ‘ওরা বরদুলইয়ে ভালোই খেলেছে। আমরা খুশি। নিবন্ধনের সময় তো আছে, তাই সিদ্ধান্তটা আরও পরে নেব।’ওদিকে বিদেশি খেলোয়াড় সংগ্রহে অনেকটা এগিয়েছে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা। গত দুই মৌসুম মোহামেডানের জার্সি গায়ে নজরকাড়া নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকানকে দলে টেনেছে দলটি। সঙ্গে গত মৌসুম মোহামেডানে খেলা ডিফেন্ডার ড্যামি। অনুশীলনে দেখার জন্য মুক্তিযোদ্ধা তিনজন আফ্রিকান ফুটবলার নিয়ে আসছে দুই-এক দিনের মধ্যে।শেখ জামাল ধানমন্ডি ক্লাব বুকোলাকে পাওয়ার চেষ্টা করেও পায়নি। জাতীয় দলের ১৫-১৬ জন খেলোয়াড় নেওয়ার পর বিদেশি খেলোয়াড় কেন আনতে হবে—এই প্রশ্ন আছে নবাগত এই ক্লাবে। বিদেশি আনলে শেখ জামালের স্থানীয় রথী-মহারথীদের অনেকের ঠাঁই হবে বেঞ্চে। এ অবস্থায় বিদেশি খেলোয়াড় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে দুই সার্বিয়ান কোচকে।