বিদেশি ফুটবলার নিয়ে বাফুফের নতুন নাটক
বাফুফে এ কাজটি এখন নিয়মিতই করছে। নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপর ক্লাবের সঙ্গে আলোচনার নামে প্রহসন! সম্প্রতি ক্লাবের সঙ্গে কথা না বলেই বাংলাদেশ লিগ স্থগিত করা হয় বিস্ময়করভাবে। পরে ক্লাবগুলোকে আলোচনায় ডেকে হাস্যরসের জন্ম দেওয়া হয়। বিদেশি ফুটবলার কোটা নিয়েও এবার একই কাণ্ড হচ্ছে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর ক্লাবগুলোকে নিয়ে আলোচনার নামে (সম্ভাব্য তারিখ আগামী মঙ্গলবার) প্রহসনই যেন করতে যাচ্ছে।সিদ্ধান্তটি শুনলে সবাই বিস্মিত হবেন। গতবার সাতজন বিদেশি খেলোয়াড় নিবন্ধনের নিয়ম করা হয়েছিল, ম্যাচে খেলতে পারতেন চারজন। বিদেশিদের দাপটে দেশি ফুটবলাররা হারিয়ে যাচ্ছেন, নানা মহল থেকে তাই বিদেশি কমানোর দাবি ওঠে। তখন বাংলাদেশ লিগ কমিটি এ মৌসুমে তিনজন বিদেশিকে খেলাতে পারবে বলে ঘোষণা দেয়। কিন্তু অজ্ঞাত কারণে সেই ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। এবারও সাতজনের নিবন্ধনের সঙ্গে চারজন খেলানোর আইনটিই বহাল রাখা হচ্ছে।সিদ্ধান্তটি বিতর্কিত। নতুন লিগ কমিটির চেয়ারম্যান এবং কো-চেয়ারম্যান ছাড়া আর কোনো সদস্যের নাম ঘোষিত হয়নি। এটি এখনো দুজনের কমিটি। এই দুজনই সিদ্ধান্ত পাকা করেছে! যদিও কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর দাবি, পূর্ণাঙ্গ কমিটি নাকি হয়ে গেছে, সভাপতির অনুমোদনই শুধু বাকি। এটি পূর্ণাঙ্গ কমিটিরই সিদ্ধান্ত! লিগ কমিটি আসলে হাতের পুতুল। বিদেশি না কমানোর সিদ্ধান্তটি নাকি খোদ সভাপতির! সভাপতি কাজী সালাউদ্দিন বহুবার বিদেশি কমানোর দাবির পরিপ্রেক্ষিতে ‘স্থানীয়দের বিদেশিদের সঙ্গে ফাইট করে খেলা উচিত’ বলেছেন। কিছু হলেই তিনি ইউরোপের উদাহরণ টানেন।অথচ বিদেশিদের দাপটে দেশের ফুটবলের ক্ষতি হচ্ছে। সম্প্রতি অনূর্ধ্ব-২২ এএফসি ফুটবলে নেপালের কাছে ৪ গোলে বাংলাদেশের হারের পরও বাফুফের যেন হুঁশ ফিরল না। কর্তাদের চোখে রঙিন চশমা। সালাউদ্দিন-বাদল রায়, সালাম মুর্শেদীরা তো আছেনই, জয়-ইকবালসহ একঝাঁক সাবেক ফুটবলার বাফুফের কমিটিতে এসেও বাস্তব কথাটি বলছেন না। নির্বাচিত হয়ে সালাম-বাদলদের মতো বিদেশি ফুটবলার কোটা কমানো নিয়ে তাঁরাও মুখে কুলুপ এঁটেছেন!সালাম মুর্শেদী কাল হাজির করলেন একটা দুর্বল ব্যাখ্যা, ‘স্থানীয় খেলোয়াড় সরবরাহ কম, তাই বিদেশি কোটা এ বছর আগেরটাই বহাল থাকছে। তবে ক্লাবগুলোকে ডেকে নিয়ে আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে (পাতানো খেলার অভিযোগ থাকার কারণে ডাকা হবে না ব্রাদার্সকে)।’অনেকবারই এটা নিয়ে আলোচনা হয়েছে। ফল কিন্তু অশ্বডিম্ব!