বিদেশি বাড়ানোর দাবি মোহামেডানের
দেশের ফুটবলে বিদেশি ফুটবলার কমানোর দাবি এখনো জোরালো। অথচ বিদেশি খেলোয়াড় বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান!গত পরশু মোহামেডান চিঠি দিয়েছে বাংলাদেশ লিগ কমিটিকে। বিদেশি খেলোয়াড় নিবন্ধন সাতজন চেয়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ পাঁচজন মাঠে নামানোর দাবি তাদের। আজ এটা নিয়ে আলোচনা হতে পারে লিগ কমিটির সভায়। কেন বিদেশি বাড়ানোর দাবি? মোহামেডানের নবনির্বাচিত ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার যুক্তি, ‘দেশে খেলোয়াড়-সংকট তীব্র। একটা মানসম্মত দলই মাঠে নামানো কঠিন। লোকে কার খেলা দেখতে মাঠে যাবে? আমরা তাই দাবিটা তুলতে বাধ্য হয়েছি।’বাংলাদেশের ফুটবলে ভালো দল গড়তে না পারলে চাপ দিয়ে বিদেশি কোটা বাড়িয়ে নেয় প্রভাবশালী ক্লাবগুলো। গতবার শেখ জামাল জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় নিয়ে নিয়েছিল। অন্যদের চাপে তখন বিদেশি কোটা তিন থেকে বাড়িয়ে চার করা হয়। পরে কোটা হয়ে যায় পাঁচ! বিদেশি গোলরক্ষকসহ পাঁচজন বিদেশিকে গত মৌসুমে এক ম্যাচে মাঠে নামাতে পেরেছে দলগুলো!এরই প্রভাবে শেখ জামালে যাওয়া জাতীয় দলের ৮-৯ জন খেলোয়াড় বেঞ্চে কাটাতে বাধ্য হয়েছেন। নেতিবাচক প্রভাবটা বেশি পড়েছে জাতীয় দলের ওপর। বাফুফের ভেতর থেকেই তখন দাবি ওঠে বিদেশি কমানোর। এবার তাই বিদেশি কোটা তিনজন করার পরিকল্পনা লিগ কমিটির।যদিও লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী তাঁর অবস্থান পরিষ্কার করছেন না, ‘ফুটবলের স্বার্থেই আমরা সিদ্ধান্ত নেব।’