বিদেশি বাড়ানোর পক্ষে সালাউদ্দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিদের সঙ্গে লড়াই করেই স্থানীয় খেলোয়াড়দের দলে জায়গা করে নেওয়া উচিত। এই মতবাদের প্রবক্তা কাজী সালাউদ্দিন।বাফুফে সভাপতি কাল বলেছেন, ‘স্থানীয় খেলোয়াড়েরা দলে নিজ নিজ একাদশে থাকবে যোগ্যতার ভিত্তিতে। তাদের সুযোগ করে দেওয়ার জন্য বিদেশি কোটা কমিয়ে দেব, এই নীতিতে আমি বিশ্বাসী নই।’সাম্প্রতিক সময়ে বিদেশি বাড়ানো-কমানো বিতর্কে ঢুকে সালাউদ্দিন যুক্তি দিচ্ছেন, ‘ইউরোপের বড় লিগগুলোয় বিদেশি খেলোয়াড় উন্মুক্ত। ওরা তো জেনে-বুঝেই এটা করছে। কাজেই আমরা আলাদা থাকতে পারি না।’তাই বলে বাংলাদেশে বিদেশি ফুটবলার উন্মুক্ত করার চিন্তা নেই। আছে বাড়ানোর তৎপরতা। গতবার গোলরক্ষকসহ পাঁচজন বিদেশিকে খেলার অনুমতি দেওয়ায় স্থানীয় অনেক তারকা খেলোয়াড়েরই জায়গা হয় সাইড বেঞ্চে। এ নিয়ে বাফুফের অনেক কর্মকর্তা অন্তত জাতীয় দলের স্বার্থে হলেও বিদেশি কমানোর দাবি তোলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সবই অরণ্যে রোদন। বিদেশি কমেনি। প্রাথমিকভাবে বাংলাদেশ লিগ কমিটি তিনজন বিদেশি খেলোয়াড়ের অনুমতি দেওয়ার চিন্তা করেছিল। পরে নানা চাপে সেটি চারজন হয়ে যায়। মোহামেডান সাতজন বিদেশি নিবন্ধন চেয়ে পাঁচজন খেলার দাবি তোলে। শেখ জামালও বিদেশি বাড়ানোর পক্ষে মত দেয়। এ দেশে এটা এক অদ্ভুত ব্যাপার। তুলনামূলকভাবে দল খারাপ হলেই সংশ্লিষ্টরা চাপ দিয়ে বিদেশি কোটা বাড়িয়ে নেয়। সালাউদ্দিন জানিয়েছেন, ‘আমি আটজন বিদেশির নিবন্ধন এবং পাঁচজনকে খেলানোর পক্ষে। এ কথা লিগ কমিটিকেও বলে দিয়েছি।’ এখন নিবন্ধন কোটা চারজনের, যার সবাই খেলতেও পারবে। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলছেন, ‘আমরা সভায় বসে একটা সিদ্ধান্ত নেব।’ জানা গেছে, সমালোচনার ভয়ে আপাতত ম্যাচে বিদেশি কোটা চারজনের বেশি করতে চায় না লিগ কমিটি। তবে নিবন্ধনের সংখ্যাটা বাড়ানো হতে পারে। নিবন্ধন বাড়ানোর পক্ষে সালাউদ্দিনের যুক্তি, ‘ভালো বিদেশি এলে তাদের সঙ্গে আমাদের জুনিয়র খেলোয়াড়েরা অনুশীলন করলেও অনেক শিখতে পারবে। বিদেশিদের চোট, আঘাত, কার্ড-সমস্যা থাকতে পারে। কাজেই একটা দলকে ৮ জন বিদেশি আনতে দিলে ক্ষতি কিছু দেখছি না।’অনিবার্যভাবেই প্রশ্ন আসে, এভাবে বিদেশি বাড়ালে স্থানীয় খেলোয়াড়দের খেলার সুযোগ কী করে থাকবে। সালাউদ্দিন হংকংয়ে তাঁর পেশাদার ফুটবল জীবনের প্রসঙ্গ টেনে দিয়েছেন উত্তর, ‘আমি তো ক্যারোলিন হিল ক্লাবে অন্য বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে খেলেছি। কাজেই আমাদের ছেলেরা পারবে না কেন?’এতে লিগে মানও বাড়বে বলে ধারণা তাঁর, ‘ভালো বিদেশি এলে আমাদের লিগের মান বাড়বে। স্থানীয়দের সুবিধা দিয়ে আমরা এত দিন খেললাম, আমাদের লিগের কী উন্নতি হয়েছে। এখন বিদেশি বাড়িয়ে প্রয়োজনে ২-৩ বছর পর রিভিউ করা যাবে।’ইউরোপের সঙ্গে বাংলাদেশের ফুটবলের তুলনা কতটা যুক্তিযুক্ত? তা ছাড়া যেসব বিদেশি আসছে বাংলাদেশে, ৯০ শতাংশই নিম্নমানের। সালাউদ্দিন এই দিকটা নিয়ে কিছু বলেননি। আরও অবাক করা ব্যাপার, বিদেশি বাড়ানোর কথা হলেও ভালো বিদেশি আনার একটা মানদণ্ড আজও ঠিক করতে পারেনি বাফুফে। এখন যার সেভাবে খুশি আফ্রিকার তৃতীয়-চতুর্থ বিভাগের খেলোয়াড় এনেও নামিয়ে দিচ্ছে।সব শুনে ফুটবলার আমিনুলের মুখে ক্ষোভই ঝরছে, ‘সবার উচিত দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়ন নিয়ে চিন্তা করা। বিদেশি বাড়ানো মানে নতুন প্লেয়ার উঠে আসবে না। বিদেশি কোটা সর্বোচ্চ তিনজন হতে পারে। এর বেশি কোনোভাবেই নয়।’ সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতানেরও একই মত, ‘জাতীয় দলে স্ট্রাইকার সংকট তীব্র। আমাদের খেলোয়াড়দের সুযোগ না দিলে জাতীয় দল ভুগবে। কাজেই কোনোমতেই তিনজনের বেশি বিদেশি নয়।’