বিদেশি সংবাদমাধ্যমে 'আশরাফুল-কাণ্ড'
মানুষের ভালোবাসা আর পুষ্পবর্ষণে সিক্ত তাঁর উত্থান। পতনটাও সেই মানুষেরই ঘৃণা-বিদ্বেষ-ক্রোধের প্রস্তরবর্ষণে ক্ষতবিক্ষত হয়ে। তিনি মোহাম্মদ আশরাফুল! ৫৬ হাজার বর্গমাইলের এই ব-দ্বীপের একসময়ের চোখের মণি। ব্যাট যেন ছিল তাঁর হাতে জাদুর কাঠি। কী অবলীলায় কোটি কোটি মানুষকে হাসাতেন, আনন্দে ভাসাতেন!
কথাগুলো অতীতকালে বলতে হচ্ছে কারণ গত কয়েক দিনে আশরাফুল নামটা শুনলেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে উঠছে সেটা কোনো ‘জাদুকর’ কিংবা ‘বিস্ময়বালক’-এর নয়। সে ছবি এক প্রতারক খলনায়কের। এ দেশের সব কটা সংবাদমাধ্যমে তাই কয়েক দিন ধরে শুধুই হায়, আশরাফুল! দেশে তো বটেই, বিদেশের সংবাদমাধ্যমেও তাঁর ফিক্সিং, নিষিদ্ধ হওয়া আর ক্ষমা চাওয়ার ঘটনা উঠে এসেছে বড় করে।
প্রতিবেশী ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘গড়াপেটা-কাণ্ডে নির্বাসিত আশরাফুল আরও বড় শাস্তির মুখে।’ ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এর শিরোনাম, ‘আশরাফুল, শেমফুল (আশরাফুল, লজ্জাজনক)।’ ভেতরে তারা লিখেছে স্পট ফিক্সিংয়ের স্বীকারোক্তি দিয়ে আরও একবার ক্রিকেট-বিশ্বকে কাঁপিয়ে দিলেন আশরাফুল।
‘মোহাম্মদ আশরাফুল’স কেস শোজ হাউ আ প্লেয়ার থ্রোজ ইট অল অ্যাওয়ে ইন দ্যাট ওয়ান ক্রেজি মোমেন্ট’ (কীভাবে একজন খেলোয়াড় এক মুহূর্তে সব অর্জন জলাঞ্জলি দিতে পারে আশরাফুলের ঘটনা তার প্রমাণ)’ শিরোনামে সংবাদ ছাপিয়েছে নিউইয়র্ক ডেইলি নিউজ। পত্রিকাটি এ ঘটনার উদাহরণ টেনে লিখেছে ‘তার ঘটনাটাই প্রমাণ করে খেলোয়াড়দের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষাও কতটা জরুরি।’ শুধু ফিক্সিং কেলেঙ্কারি নয়, পুরো ক্যারিয়ারেই আশরাফুল যে প্রাপ্তি আর অপ্রাপ্তি মিশিয়ে আনন্দ-বেদনার কাব্য লিখে গেছেন সেটা উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর শিরোনাম ও সংবাদে। পত্রিকাটি লিখেছে ‘আগলি টার্ন ইন আ ক্যারিয়ার অব আনফুলফিল্ড প্রমিজ।’ ‘আশরাফুল, ফলেন হিরো’ শিরোনাম করেছে সিডনি মর্নিং হেরাল্ড। হংকংয়ের ইংরেজি দৈনিক হংকং স্ট্যান্ডার্ড আশরাফুলের ফিক্সিংয়ের ঘটনা, স্বীকারোক্তি আর ক্ষমা চাওয়ার ঘটনা লিখেছে বিশদাকারে। তারা টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী এ সেঞ্চুরিয়ানের ছবি ছাপিয়ে পাশে শিরোনাম করেছে, ‘প্লিজ ফরগিভ মি’।