বিপিএলের দ্বিতীয় আসরের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান ইমরান নাজির। তাঁকে ২ লাখ ৮০ হাজার ডলারে কিনে নিয়েছে চিটাগং কিংস। প্রথম আসরে তিনি ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছিলেন।গত আসরের সবচেয়ে দামি ক্রিকেটার শহীদ আফ্রিদির দাম এবার অনেক কমেছে। তবে স্বদেশি ইমরান নাজিরের সঙ্গে তাঁর দরের পার্থক্য পাঁচ হাজার ডলার। তাঁকে ২ লাখ ৭৫ হাজার ডলারে রেখে দিচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ঢাকার হয়ে বিপিএলের প্রথম আসরে তিনি সেমিফাইনাল ও ফাইনালে মাঠে নেমেছিলেন।আরেক পাকিস্তানি, অফ-স্পিনার সাঈদ আজমল এবার বরিশাল বার্নার্সের হয়ে খেলবেন। তাঁকে আজ ১ লাখ ১৫ হাজার ডলারে কিনেছে গতবারের রানার্সআপরা। বরিশাল কিনেছে আজহার মাহমুদকেও। পাকিস্তানি ক্রিকেটারদের রমরমা বাজারে তাঁর দাম উঠেছে ২ লাখ ৬ হাজার ডলার।লাখ ডলারে বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্যে আরও আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলস। এই তিন ক্রিকেটারেরই দর উঠেছে ১ লাখ ১৫ হাজার ডলার। মালিঙ্গা খেলবেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে; রাসেল সিলেট রয়্যালসের হয়ে এবং স্যামুয়েলস খেলবেন দুরন্ত রাজশাহীর হয়ে। ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারার দাম উঠেছে ১ লাখ ২৫ হাজার ডলার। তিনি খেলবেন চিটাগং কিংসের হয়ে। ১ লাখ এগারো হাজার ডলারে এবার খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলবেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। গতবার তিনি বরিশাল বার্নার্সের হয়ে দারুণ পারফরম করেছিলেন। এর পাশাপাশি অন্যান্য উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ৭৫ হাজার ডলারে বিক্রি হয়েছেন ঢাকার কাছে, পাকিস্তানের আবদুল রাজ্জাককে ৯১ হাজার ডলারে কিনেছে দুরন্ত রাজশাহী, পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে ৬০ হাজার ডলার দিয়ে কিনেছে চিটাগং কিংস, মোহাম্মদ সামি ৮৩ হাজার ডলারে খেলবেন দুরন্ত রাজশাহীর হয়ে, ৮৫ হাজার ডলারে খুলনায় ঠাঁই নিয়েছেন শোয়েব মালিক।এছাড়া কামরান আকমল ৭৫ হাজার ডলারে বরিশাল বার্নার্স এবং তাঁর ভাই উমর আকমল ৬০ হাজার ডলারে খেলবেন খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে। ইংলিশ ব্যাটসম্যান ওয়াইজ শাহকে ৭৫ হাজার ডলারে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন ৭৫ হাজার ডলারের বিনিময়ে নাম লিখিয়েছে বরিশাল বার্নার্সে।