বিদেশিদের ‘বলি’ এনামুল-ওয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দল গড়ছেন। ২২ জনের প্রাথমিক একটা তালিকা তৈরিও করেছেন। আজ তালিকাটি বাফুফের কাছে দিতে চান কোচ রবার্ট রুবচিচ। প্রতিষ্ঠিত অনেক নামই তালিকায় থাকছে না। বিদেশিদের ভিড়ে অনেক তারকা ফুটবলার চলমান বাংলাদেশ লিগে নিয়মিত খেলার সুযোগ হারিয়েছেন। এনামুল-ওয়ালিদের মতো খেলোয়াড়দের তাই ঠাঁই হয়নি ক্রোয়েশিয়ান কোচের প্রাথমিক দলে। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পরই হয়তো এসব নিয়ে ব্যাখ্যা দেবেন রুবচিচ। তার আগে দল নির্বাচন নিয়ে কাল অনেক কথাই বলেছেন এই প্রতিবেদককে। এবার দল গড়তে গিয়ে কতটা সমস্যায় তাঁকে পড়তে হয়েছে সেটিও জানিয়েছেন।তাঁর কথা, ‘খুব বেশি বিদেশি খেলেছে। যে কারণে আমার পছন্দের অনেককেই দেখছি বেঞ্চে। এই অবস্থায় দল নির্বাচন দুরূহ কাজ। দুই সহকারী জিলানি ও রক্সির কাছ থেকে রিপোর্ট নিয়েছি। আমিও বাংলাদেশ লিগ দেখছি। সব দেখে আমার মনে হচ্ছে, সমস্যাটা সবচেয়ে বেশি স্ট্রাইকিংয়ে।’বিদেশিদের কাছে ‘বলি’ হয়ে নিজ দলে একাদশের বাইরে চলে গেছেন শেখ জামালের তারকা জুটি এমিলি-এনামুল। এমিলি গত কয়েকটা ম্যাচ বদলি হিসেবে নামার সুযোগ পেলেও এনামুল সুযোগ পেয়েছেন আরও কম। রুবচিচ জানাচ্ছেন, ‘এমিলিকে দলে রাখছি আমি। তবে এনামুলকে রাখতে পারছি না বলে দুঃখিত।’ফরোয়ার্ড তালিকায় আছেন মিঠুন চৌধুরী, আবাহনীর রনি, শেখ রাসেলের ইউসুফ। তবে এবারের মৌসুমের চমক ফরাশগঞ্জের সোহেল রানা নেই। রবচিচের ব্যাখ্যা, ‘সোহেলকে আরও পরিশ্রম করতে হবে।’ সাইড বেঞ্চে কাটালেও শেখ জামালের তরুণ ফরোয়ার্ড কমলকে দলে নেওয়ার ব্যাপারে কালই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তবে ‘ইনজুরির কারণে’ সবুজকে তিনি ডাকবেন না।মাঝমাঠে শেখ জামালেরই ‘বেঞ্চের খেলোয়াড়’ জাহিদ থাকছেন। রুবচিচের মুখে জাহিদের প্রশংসা, ‘বাংলাদেশের খেলোয়াড়দের গতি তেমন একটা নেই। এই ছেলেটার রানিংই সবচেয়ে ভালো। ওকে তাই দলে রাখছি।’মুক্তিযোদ্ধার মারুফ, শেখ জামালের মামুনুল এবং শেখ রাসেলের রাজুও থাকছেন মাঝমাঠের সেনানী হিসেবে। এঁদের সঙ্গে ‘অটোমেটিক চয়েস’ শাকিল (এমিলির ভাই)। যদিও ‘অভিজ্ঞ মিডফিল্ডার’ না থাকাটা তাঁর কাছে উদ্বেগের। রক্ষণে ওয়ালি ফয়সালকে না রাখার কারণ হিসেবে রুবচিচ যা জানাচ্ছেন, তা হলো, ‘ও এখন খেলার সুযোগ পেলেও মাঝখানে বেঞ্চে চলে গিয়েছিল। আমি এখন ভবিষ্যতের কথা ভেবে খেলোয়াড় নিতে চাই। সে জন্য ওয়ালিকে বিবেচনায় রাখছি না।’ তিন স্টপার—জামালের বেঞ্চের খেলোয়াড় রেজাউল, একই দলের আরিফ এবং আবাহনীর মামুন মিয়া। দুই সাইডব্যাক জামালের নাসির ও মিশু। আছেন আবাহনীর লিংকন, ব্রাদার্সের ইউসুফ ও মুক্তিযোদ্ধার মুন্না। গোলরক্ষক তিনজন। সর্বশেষ মিয়ানমার সফরে না থাকা আমিনুল (শেখ জামাল) ফিরছেন। আরেক সিনিয়র গোলরক্ষক বিপ্লবের (মুক্তিযোদ্ধা) সঙ্গে আছেন রাসেলের মামুন। আগামী ২৯ জুন ঢাকায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ জুলাই পাকিস্তানে ফিরতি ম্যাচ। ২০১৪ বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের এই দুটি ম্যাচ উতরে গেলে লেবাননের সঙ্গে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচের দিন দশেক আগে রুবচিচ ১৮ জনের দল গড়বেন। বিদেশিদের ভিড়ে দল গড়তে গিয়ে যতই হিমশিম খান, রুবচিচ আত্মবিশ্বাস হারাচ্ছেন না, ‘পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে!’