বিদেশির হাট বসাচ্ছে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকমান হোসেন ভূঁইয়া কথাটা খুব জোর দিয়ে বললেন, ‘লিখে দিতে পারেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদেশি ফুটবলারের হাট বসাব আমরা।’মোহামেডানের কর্মকর্তারা এখন যেখানেই যান, একটাই প্রশ্ন—বিদেশি ফুটবলার নিয়ে কী ভাবছেন? ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন উত্তরটা তৈরিই রেখেছেন, ‘আমরা বসে নেই। নতুন বিদেশি আনার কাজ জোরেশোরে চলছে। বর্তমানে যারা আছে, এদের চেয়ে ভালো বিদেশি নিতে চাই।’কোচ এমেকা ইউজিগোর মাধ্যমে আনা ছয় নাইজেরিয়ান ফুটবলার ‘চলে না’ প্রচার পেয়ে যাওয়ায় এখন নতুন বিদেশির খোঁজে সাদা-কালোরা। তবে মোহামেডান কর্মকর্তাদের কেউ কেউ এ-ও বলছেন, অনুশীলনে দেখে ভালোই মনে হয়েছিল ওই খেলোয়াড়দের। কিন্তু মাঠে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় তাঁরা নিজেরাও অবাক। গোটা ব্যাপারটা নিয়ে মোহামেডান পড়েছে বিব্রতকর অবস্থায়। তবে এমেকার আনা খেলোয়াড়দের দু-একজনকে শেষ পর্যন্ত রাখা হতে পারে বলে জানা গেছে। শেষ খবর, নাইজেরিয়ার চারজন, ঘানার দুজন, উগান্ডার একজন এবং ভারত থেকে আরও দু-তিনজন আফ্রিকানকে পরখ করতে সব আয়োজনই সারা। গত দুই মৌসুমে ব্রাদার্স অবশ্য প্রায় ৬০ জন বিদেশির ট্রায়াল নিয়েছে। সে তুলনায় এটা অবশ্যই কোনো ব্যাপারই নয়!তবে মৌসুম সূচক টুর্নামেন্টে নাম নিবন্ধন করানোর পর প্রায় সব বিদেশিই বদলে ফেলা হলে সেটি হবে চমকপ্রদই। এক ড্র ও দুই হারে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর মোহামেডান কর্মকর্তারা প্রচণ্ড চাপে পড়ে গেছেন। ওদিকে বাফুফে জানিয়েছে, গত ১৫ ডিসেম্বরের পর থেকে যেসব বিদেশি খেলোয়াড় কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন—এমন খেলোয়াড়ই নিতে পারবে কোনো দল। বাংলাদেশ লিগ শুরুর এক সপ্তাহ আগে সব কাগজপত্র বাফুফের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে।