বিদেশিরা এগিয়ে, দেশিরাও পিছিয়ে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চারটি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এই প্রতিযোগিতাকে আপাতত আহমেদ শেহজাদের প্রতিযোগিতা বললে ভুল হবে না। প্রথম দুটি ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে বরিশাল বার্নার্স দলে নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করেছেন এই পাকিস্তানি ওপেনার। প্রথম ম্যাচে মারদাঙ্গা ক্রিস গেইলের ছায়াতলে ছিলেন তিনি। কিন্তু কাল দুরন্ত রাজশাহীর বিপক্ষে শেহজাদের ব্যাটের দুরন্তপনা মিরপুরের ক্রিকেট মাঠে উপস্থিত দর্শক বেশ ভালোভাবেই উপভোগ করেছে।আপাতত ক্রিস গেইল ও আহমেদ শেহজাদের পারফরম্যান্সে নিজেদের মাটি থেকে একটু ওপরেই আবিষ্কার করছে বরিশাল বার্নার্স। তবে গেইল পাঁচ ম্যাচ পর চলে গেলে বাকিরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছেন কি না, সেটি কিন্তু বরিশালের ভেবে দেখার বিষয়।বিদেশিদের দিয়ে আলোচনা শুরু হলেও এই লেখার মূল প্রতিপাদ্য হলো আমাদের দেশি তারকারা বিপিএল শুরু করলেন কীভাবে। চারটি ম্যাচ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে বাংলাদেশি তারকাদের মধ্যে আপাতত নিজের সুনাম রেখেছেন সাকিব আল হাসান ও অলোক কাপালি। অলোক উদ্বোধনী দিনে বরিশাল বার্নার্সের বিপক্ষে ৫৬ রানের একটি ইনিংস খেলেছিলেন বটে, কিন্তু সেই ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। তবে বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান কিন্তু কাল ৪২ রান করে খুলনা রয়েল বেঙ্গলসের জয়ে হয়েছেন অন্যতম সহায়ক। পাঁচটি বাউন্ডারিতে ৩১ বলে ৪২ রান করার পর হঠাত্ আউট হয়ে ইনিংসটাকে বড় করতে পারেননি সাকিব। কিন্তু সাকিবের ইনিংসটি আরও বড় হওয়ার সব অনুষঙ্গই কিন্তু বিদ্যমান ছিল।বিপিএল নিলামে দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন হালের সেনসেশন নাসির হোসেন। কাল অপরাজিত ২২ রান করে খুলনার বড় সংগ্রহে তিনি অবদান রেখেছেন। একই সঙ্গে ঢাকা গ্ল্যাডিয়েটরসের একটি উইকেট শিকার করে দলকে এগিয়ে দিয়েছেন জয়ের কাছাকাছি।দীর্ঘ ইনজুরির পর বিপিএলে ঢাকার অধিনায়ক হয়েই ফিরেছেন মাশরাফি। কাল তাঁর অধিনায়কত্বের শুরুটা একেবারেই ‘মাশরাফির মতো’ হয়নি। তবে ক্রীড়ামোদীদের আগ্রহের কেন্দ্রে প্রতিযোগিতাজুড়েই থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।ক্রিস গেইল এই প্রতিযোগিতার প্রথম সেঞ্চুরিটি করে বাকিদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গেইল বিপিএলে খেলবেন আরও তিনটি ম্যাচ। এই তিন ম্যাচে তিনি নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেন কি না, সেটা কিন্তু উপভোগ্য লক্ষণীয় বিষয় হয়ে উঠবে। তবে সেঞ্চুরির চ্যালেঞ্জ অন্য কোনো খেলোয়াড় নিতে পারবেন কি না, সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে।বিপিএলের এই চার ম্যাচে খেলা বাংলাদেশের অন্য দুই বড় নাম তামিম ইকবাল ও আশরাফুল। নিজেদের বর্তমান ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে তামিম প্রথম ম্যাচেই ব্যর্থ। আশরাফুলও কাল খুলনার বিপক্ষে বলার মতো কিছুই করতে পারেননি। মুশফিকুর রহিম কাল রানআউট হয়েছেন শূন্য রানে। প্রথম ম্যাচেও তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য কিছু ছিল না।বিপিএলের পথচলা শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতাসমৃদ্ধ খেলোয়াড় বের করে নিয়ে আসার প্রত্যয় নিয়ে। সেই লক্ষ্যে আপাতত বিপিএলকে সফলই বলা যেতে পারে। কাল বরিশাল বার্নার্সের বিপক্ষে ঢাকার প্রিমিয়ার ক্রিকেটে প্রাইম ধলেশ্বরের হয়ে খেলা দুরন্ত রাজশাহীর মিজানুর রহমানের যে পারফরম্যান্স, তাতে কিছুটা নড়েচড়ে বসতেই হয়। মিজানের ৫৬ রানের ইনিংস তাঁকে বানিয়েছে দুরন্ত রাজশাহীর তুরুপের তাস। মিজানের পাশাপাশি আরেক অখ্যাত বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন কাল বরিশালের বিজয়ে রেখেছেন ভালো অবদান। বিপিএলের সার্থকতা হয়তো এখানেই।