বিদেশিরা এগিয়ে নিচ্ছেন শেখ রাসেলকে
ফেডারেশন কাপে তিন ম্যাচ খেলে গোল পাননি। দুই মাস ছুটি কাটিয়ে কালই প্রথম বাংলাদেশ লিগে নেমেছেন। চাহরোত ইউসেফের এই ফেরাটা শেখ রাসেল ক্রীড়াচক্রের জন্য আনন্দের উপলক্ষ হলো। তাঁর একমাত্র গোলেই রহমতগঞ্জকে হারাল (১-০) কাল শেখ রাসেল।তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে মোহামেডানের পাশে দাঁড়াল শেখ রাসেল। এবারও শুরুতে দুর্দান্ত দলটি শেষ দিকে বরাবরের মতো পথ হারিয়ে ফেলবে না তো?কয়েক বছর ধরে শেখ রাসেল মরোক্কান খেলোয়াড় আনছে। এবার দুজন করে মরক্কোর ও ঘানার, একজন ক্যামেরুনের। ঘানাইয়ান মরো মোহাম্মদের ক্রস থেকেই ম্যাচের ৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ইউসেফ। শেখ রাসেলের আগের দুই ম্যাচে চার গোলের তিনটিই করেছেন বিদেশিরা। ঘানার আব্বাস ইউনুসা একটি, মরোক্কোর সামির ওমারি দুটি। শেখ রাসেলকে টানছেন বিদেশিরাই। হাঁটুর ইনজুরি কাল খেলতে দেয়নি ওমারিকে।শুরুতেই গোল খেয়ে শোধ দেওয়ার অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। দলের কোচ আলী আসগর কাঠগড়ায় তুলেছেন রেফারি তৈয়ব হাসানকে, ‘দুটি পেনাল্টি দেওয়া হয়নি আমাদের।’ পুরোনো ঢাকার দলটির পয়েন্ট ৩ ম্যাচে ৪। অন্তত তিনবার কাল রহমতগঞ্জের সামনে বাধা হয়ে দাঁড়ান শেখ রাসেলের গোলরক্ষক মামুন খান।শেখ রাসেল: মামুন, আমিনুল, উত্তম, কবির (শাহেদ), ইউসুফ, মরো মোহাম্মদ, চার্লস, ইমু (প্রদীপ), বাবু, ইউনুসা, ইউসেফ (ওয়াহেদ)।রহমতগঞ্জ: আরিফুজ্জামান হিমেল, রিমন, শিমুল, জাহাঙ্গীর, ইমন, রনি (সোহেল), ইদ্রিস, জামাল, মাইকেল, ফেলিক্স (বাবু), পল (পাশবন)।ব্রাদার্স-ফেনী সকার ড্র: আগের ম্যাচে আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাদার্স ইউনিয়ন। কাল ফেনী স্টেডিয়ামেও গোলশূন্য ড্র করল স্বাগতিক ফেনীর সঙ্গে। তিন ম্যাচে দুটি করে ড্র করা দুই দলেরই পয়েন্ট ২।