বিদেশে ধোনি নিকৃষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি তো ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও এসেছে তাঁরই নেতৃত্বে। সবই ঠিক আছে। কিন্তু টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ এলেই ধোনির ব্যাপারে ‘কিন্তু’ চলে আসবে অবধারিতভাবেই। টেস্টে ধোনির সফলতার বর্ণনা দিতে গেলে অনেক ‘যদি’, ‘কিন্তু’ ‘যেহেতু’ ‘সেহেতু’ নিয়ে আসতে হবে বিশ্লেষকদের। দেশের মাটিতে ঠিক আছে। কিন্তু বিদেশের মাটিতে ধোনি যে ভারতের নিকৃষ্টতম অধিনায়কদের একজন।
বিদেশের মাটিতে ধোনির নেতৃত্বে ভারত টেস্ট খেলেছে ২২টি। এর মধ্যে হার ১১টিতে, জয় মাত্র পাঁচটিতে। বিদেশে সর্বশেষ ১৩টি টেস্টে তাঁর দল জিতেছে মাত্র তিনটিতে। রোববার অকল্যান্ডে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ধোনিই নাকি ভারতের ক্রিকেট ইতিহাসে ‘বিদেশের মাটিতে’ নিকৃষ্টতম অধিনায়ক। এই অভিধা নিশ্চয়ই ভালো লাগার কথা নয় ‘মি. কুল’খ্যাত এই ভারতীয় অধিনায়কের!
ভারত একটা সময় ক্রিকেট বিশ্বের মাঝারি সারির একটি শক্তি হিসেবেই পরিচিত ছিল। সেই সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকের কথাই হচ্ছে। ওই সময়ও ভারতের কোনো অধিনায়ক বিদেশের মাটিতে এতগুলো টেস্টে হারেননি। মনসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, কপিল দেব, দিলীপ ভেংসরকার, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি—যে কেউই ধোনির চেয়ে বিদেশে সফল।
‘দেশে বাঘ, বিদেশে বিড়াল’ ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে এই সমালোচনাটা সর্বত্র। ধোনির নতুন দিনের ভারতীয় দলও এই সমালোচনার ওপর জল ঢালতে পারল না। তাহলে কী পরিচিত কন্ডিশনের বাইরে গেলেই ভারতীয় ক্রিকেটাররা নিজেদের খেলাটাও ভুলে যান? না হলে এমন হবে কেন? এই ভারতীয় দলই তো দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে টেস্টে হারিয়েছে। এই দলটিরই তো দেশের মাটিতে টেস্ট জয়ের হার ৭০ শতাংশ। এই তো কিছু দিন আগেই দেশের মাটিতে শচীন টেন্ডুলকারের বিদায়ী সিরিজে ভারতের সামনে পড়ে ক্যারিবীয় দল স্রেফ উড়ে গেল! আর সেই ভারতই কিনা টানা হারের লজ্জায় আছে কিছু দিন আগে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করা আর ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়া নিউজিল্যান্ডের কাছে। এই রহস্যের উত্তর খুঁজতে নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট পণ্ডিতেরা গলদঘর্ম। এ তো এক প্রহেলিকাই!

এত কিছুর পরও ধোনি নাকি শিখেই চলেছেন। বিদেশের মাটিতে হেরে যাওয়া প্রতিটি টেস্টের মতোই অকল্যান্ড টেস্ট থেকেও তিনি ‘শিক্ষণীয়’ অনেক কিছুই পাচ্ছেন। খড়কুটো ধরে আঁকড়ে বাঁচার জন্য আম্পায়ারিংকেও প্রশ্নবিদ্ধ করেছেন ম্যাচের পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। শিক্ষণীয় ব্যাপারটি তুলে ধরতে গিয়ে তিনি হয়েছেন ‘উচ্ছ্বসিত’, এই টেস্ট থেকে নাকি তিন-চারটির মতো টেস্টের সমান শিক্ষা তাঁরা পেয়েছেন।

খালি শিখতে পারেননি বিদেশের মাটিতে টেস্ট জেতার কৌশল! ভারতীয় ক্রিকেট-দর্শকদের দুঃখটা বোধ হয় এখানেই। সূত্র: ওয়েবসাইট।