বিদ্যুতের রুপা জয়
কুয়ালালামপুর থেকে কাল দুপুরে টেলিফোনে বিদ্যুৎ কুমার রায়ের কণ্ঠে উত্তেজনা, ‘আমি কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে
রুপা জিতে গেছি। আমার যে কী আনন্দ লাগছে, সেটি বলে বোঝাতে পারব না।’
শুধু বিদ্যুতের জন্য নয়, বাংলাদেশের ভারোত্তোলনের জন্যই ভালো খবর এটা। বিদ্যুৎ রুপা জিতেছেন ১০৫ কেজি ঊর্ধ্ব বিভাগে। নিজেই জানালেন, স্ন্যাচে তুলেছেন ১১০ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি।
২৪ বছর ধরে দেশে নিজের ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়ে আসছেন বিদ্যুৎ কুমার রায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলাই এখন তাঁর ধ্যানজ্ঞান। সে লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ)। তবে বিওএ এখনো সামনে এগোতে পারেনি।
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় গেলেন মালয়েশিয়ায়। এই প্রথম কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সাফল্য। বিদ্যুতের আনন্দ যেন বাঁধ মানছিল না টেলিফোনে, ‘জীবনে অনেক পদক জিতেছি। তবে এই পদকটি বিশেষ কিছু আমার কাছে। কখনোই মুহূর্তটা ভুলতে পারব না।’