বিদ্যুৎ বিভ্রাটের ভেতরই জিতল আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের আরও একটি উইকেটের পতন। প্রস্তুতি ম্যাচে হেসেখেলেই জিতল আফগানরা। ছবি: সৌরভ দাশ
নেদারল্যান্ডসের আরও একটি উইকেটের পতন। প্রস্তুতি ম্যাচে হেসেখেলেই জিতল আফগানরা। ছবি: সৌরভ দাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকের ডগায়। সব প্রস্তুতিও প্রায় শেষের দিকে। এখন কেবল মহাযজ্ঞ শুরুর অপেক্ষা। কিন্তু এর আগেই চমকানোর মতোই এক ঘটনা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, আফগানিস্তান বনাম নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচে। ম্যাচ চলাকালীন দু-দুবার বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎবিভ্রাটের কারণে ম্যাচের নিষ্পত্তি পর্যন্ত হয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে! সাধারণত বৃষ্টির কারণেই ব্যবহূত হয় এ পদ্ধতি। আজ চট্টগ্রামে হলো তা লোডশেডিংয়ের কারণে!

স্টেডিয়ামে লোডশেডিং হয়েছে দুই দফায়। একবার আফগানিস্তানের ব্যাটিং চলাকালীন, আরেকবার ইনিংস বিরতিতে। ভেন্যু ব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, প্রথমবার লোডশেডিং হয়েছে ১০ মিনিট, দ্বিতীয়বার ৭ মিনিট। ম্যাচ রিপোর্ট লিখতে গিয়ে বিদ্যুৎ বিভ্রাটের পেছনেই খরচ হয়ে গেল অনেক শব্দ। এর প্রাসঙ্গিক কারণও রয়েছে। কেননা ম্যাচ চলাকালীন দুদফা বিদ্যুৎবিভ্রাটে টুর্নামেন্টের গোটা প্রস্তুতি নিয়ে যে প্রশ্ন উঠতে বাধ্য।          

সে যা হোক, এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের আত্মবিশ্বাস বেশ ওপরে, আফগান অধিনায়ক মোহম্মদ নবী সে কথা বলছেন ঘুরিয়ে ফিরিয়ে। টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫ রানের জয়ে সে আত্মবিশ্বাসেরই প্রতিফলন মিলল আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে আফগানদের অবশ্য শুরুতেই ব্যাটিং বিপর্যয়। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই প্রথম বলে ফিরে যান ওপেনার মোহম্মদ শাহজাদ। এরপর করিম সাদিক ও নওরোজ মঙ্গলের ৪৭ রানের দ্বিতীয় উইকেট জুটি আফগানদের বিপর্যয় সামাল দেয়। আহসান মালিকের বলে সাদিক ফেরেন ৩৯ করে। এ ম্যাচেও দলের অন্যতম প্রধান ভরসা মোহাম্মদ নবীর ব্যাট চওড়া হয়ে ওঠে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ করেন আফগান অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৫০। নেদারল্যান্ডসের পক্ষে আহসান মালিকের ঝুলিতে পড়ে সর্বোচ্চ ৩ উইকেট।

লোডশেডিংয়ের কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নেদারল্যান্ডসের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২২। শুরুটা মোটামুটি ভালো হলেও আফতাব আলম ও হামজা হোতাকের যৌথ ‘আক্রমণে’ ১২.৩ ওভারে ৮৬ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। হারতে হয় ৩৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ করেন মাইকেল সোয়ার্ট। আফগানিস্তানের পক্ষে আফতাব নেন ৪টি ও হোতাক ৩টি উইকেট।