বিদ্যুৎ-বিভ্রাটের ম্যাচে আফগানদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মাঠে বিদ্যুৎ-বিভ্রাট নতুন নয়। ২০১১ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শেষ এক দিনের ম্যাচেও বিদ্যুৎ-সংকটে ২০ মিনিট বন্ধ ছিল খেলা। গতকাল আফগানিস্তান-হল্যান্ড ম্যাচেও দুই দফায় প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। ফলে হল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু হয় দেরিতে। ম্যাচের ওভার কমিয়ে নতুন লক্ষ্য দেওয়া হয় ১৫ ওভারে ১২২ রান। হল্যান্ড অলআউট হয় ৮৬ রানে।
ডিএল পদ্ধতিতে ৩৫ রানের হারের জন্য হল্যান্ড অধিনায়ক পিটার বোরেন অবশ্য লোডশেডিংকে দোষেননি। তবে অকপটে স্বীকার করেছেন লক্ষ্যটা হয়ে গিয়েছিল কঠিন। ডাচদের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১৩ বলে। ১২ দশমিক ৩ ওভারে শেষ হয়ে তাদের ইনিংস। আফগানিস্তানের আফতাব আলম ২৫ রানে ৪ উইকেট নেন।
এর আগে টসজয়ী আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৭ উইকেটে করে ১৫০ রান। প্রথম বলে শেহজাদের উইকেট হারালেও মোহাম্মদ নবীর ৪০, করিম সাদিকের ৩৯ ও সফিকউল্লাহর ৩৯ রানের কল্যাণে ওই রানটা করে আফগানরা। হল্যান্ডের বাঁহাতি স্পিনার আহসান মালিক ২৮ রানে ৩ উইকেট নেন।
এই হারের জন্য হল্যান্ড বিদ্যুৎ-বিভ্রাটকে না দুষলেও ২০১১ সালের সেই ম্যাচে বাংলাদেশের অনেকে ম্যাচ হারের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছিল বিদ্যুৎ-বিভ্রাটকে। সেবার বিদ্যুৎ যাওয়ার সময় স্বাগতিকেরা ১ উইকেট হারিয়ে ৬৫ রান করেছিল। ফিরে এসে বাংলাদেশ ফের ব্যাট করতে নেমে ২৪ রানে হারায় ৫ উইকেট, আর ছুঁতে পারেনি পাকিস্তানের দেওয়া ১৭৮ রানের সহজ লক্ষ্য।
তবে বিশ্বকাপের আগে আবারও বিদ্যুতের এ অবস্থা ভাবিয়ে তুলছে সবাইকে। ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান বলছেন, ‘এটা জাতীয় গ্রিডের সমস্যা।’