বিদ্যুৎ-সংকটে শেরেবাংলা স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১২টা-১টা হবে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসি বন্ধ, ফ্যান বন্ধ। প্রচণ্ড গরমে নাকাল হতে থাকল সবাই। একটু পর এল আরও বড় দুঃসংবাদ। এই যাওয়া সেই যাওয়া নয়। শেরেবাংলা স্টেডিয়ামের বিদ্যুৎ-সংযোগই কেটে দিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো)!গত বছরের জুন মাস থেকে বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ রেখেছে বিসিবি এবং তাতে বিল বকেয়া পড়েছে প্রায় ৮১ লাখ টাকা। এটুকু শুনলে মনে হতে পারে, সংযোগ বিচ্ছিন্নের দায় বিসিবিরই। কিন্তু শেরেবাংলা স্টেডিয়ামের ভেন্যু প্রশাসক অবসরপ্রাপ্ত কর্নেল এ কে এম জাকির দাবি, দায় আছে জাতীয় ক্রীড়া পরিষদেরও (এনএসসি), ‘বিসিবি ও স্টেডিয়াম, স্টেডিয়াম মার্কেটের ৮৬টি দোকান, ক্রীড়াপল্লী এবং মসজিদসহ স্টেডিয়াম কমপ্লেক্সের সব স্থাপনার বিদ্যুৎ বিল হয় মাত্র একটা মিটারে। মিরপুরে ক্রিকেট আসার পর থেকে সেই বিল পরিশোধ করে আসছে বিসিবি। এনএসসির কাছে বারবার পৃথক মিটার বসানোর দাবি জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সে জন্যই ২০১২ সালের জুন থেকে আমরা বিল পরিশোধ বন্ধ রেখেছি।’২০০৭ সালের সেপ্টেম্বর থেকে বিল পরিশোধ বন্ধের আগ পর্যন্ত বিসিবি প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা বিল পরিশোধ করেছে বলে দাবি ভেন্যু প্রশাসকের। এও জানিয়েছেন, ‘গত মাসে আবারও মিটার আলাদা করার ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে এনএসসির কাছে। এ ছাড়া বকেয়া বিল বাবদ ২০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।’ পুরো টাকা না দিলেও বিসিবি বকেয়া বিল হিসেবে আজ আরও ৩০ লাখ টাকা জমা দেবে বলে জানিয়েছেন ভেন্যু প্রশাসক। এই প্রতিশ্রুতির পর কাল সন্ধ্যায় বিদ্যুৎ-সংযোগ চালু করা হয়েছে শেরেবাংলা স্টেডিয়ামে।তবে এটা সাময়িক সমাধান। মিটার নিয়ে সৃষ্ট জটিলতার স্থায়ী সমাধান না হলে আবারও হয়তো অন্ধকার হয়ে যাবে দেশের ‘হোম অব ক্রিকেট’। যদিও আলাদা মিটার স্থাপনের দায়িত্ব নিতে রাজি নন এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক হাবিবুর রহমান। কাল তিনি সাংবাদিকদের বলেছেন, ‘প্রায় ১ কোটি টাকার মতো বিল বাকি আছে বিসিবির। সংযোগ বিচ্ছিন্ন হতেই পারে। আর আলাদা মিটার স্থাপনের উদ্যোগ বিসিবিই নিতে পারে।’অবাক করার মতো কথাই। বিসিবি ব্যবহার করলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মালিক তো এনএসসি! ক্রীড়াপল্লী এবং ক্রীড়াপল্লী লাগোয়া স্টাফ কোয়ার্টার ও স্টেডিয়াম মার্কেটের ৮৬টি দোকান—এসবও এনএসসিরই অধীনে। আলাদা মিটার বসানোর দায়িত্বটা তাহলে বিসিবির ঘাড়ে কীভাবে পড়ে, সেটা রহস্যই বটে।