বিদ্রোহের গুজব উড়িয়ে দিলেন মিসবাহ
সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ হারের পরই অধিনায়ক মিসবাহকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। হারের কারণ অনুসন্ধানে এবার উঠেছে আরও বড় প্রশ্ন। মিসবাহর অধিনায়কত্ব নিয়ে পাকিস্তান দলের মধ্যেই নাকি জ্বলছে বিদ্রোহের আগুন। দলের অনেক ক্রিকেটারই তাঁর নেতৃত্ব মানতে পারছেন না! মিসবাহ অবশ্য অভিযোগটা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, অভিযোগ সত্য নয়। দলের কোনো ক্রিকেটার বিদ্রোহ করেননি।
আমিরাতের সিরিজ শেষে এরই মধ্যে ফিরতি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেছে পাকিস্তান। গতকালই মিসবাহর জোহানেসবার্গে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তার আগে জিয়ো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমি এটা বিশ্বাস করি না। যদি আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করতাম, তাহলে নাহয় মতানৈক্যের প্রশ্ন উঠত। কিন্তু আমি যদি তাদের কাছে সৎ থাকি এবং তাদের সাহায্য করি, আমি মনে করি না এমন কিছু ঘটবে।’ ওয়েবসাইট।
মজার ব্যাপার, সাংবাদিকের ভূমিকায় মিসবাহর এই সাক্ষাৎকারটা আবার নিয়েছেন পিসিবির অন্তর্বর্তী প্রধান স্বয়ং নাজাম শেঠি! নিজের জনপ্রিয় রাজনীতিবিষয়ক শো ‘আপাস কি বাত’ অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শেঠির ভূমিকা নিয়ে। যদিও শেঠি বলছেন, পিসিবির চেয়ারম্যান হিসেবে নয়, তিনি মিসবাহর সাক্ষাৎকার নিয়েছেন একজন টিভি সমন্বয়কারী হিসেবে। সে যা-ই হোক, মিসবাহ কিন্তু তাঁকে জড়িয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন দারুণ দক্ষতার সঙ্গে। অধিনায়কত্বের পাশাপাশি নিজের ব্যাটিং স্টাইলের পক্ষেও কথা বলেছেন মিসবাহ। বলেছেন, ওয়ানডে ক্রিকেটেও তাঁর ব্যাটিং স্টাইল ঠিকই আছে, ‘প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব একটা ধরন থাকে। ইনজামাম-উল-হকের অভিব্যক্তি কখনো তাকে আক্রমণাত্মক দেখাত না। কিন্তু তার মানে এই নয় যে, সে কখনো ছক্কা মারেনি বা আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিল না। আমিও কি ছক্কা মারিনি বা ফিল্ডিংয়ে আক্রমণাত্মক নই?’