বিদ্রোহের বিশ্বকাপে টেরি-ক্যাপেলো
আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপটাকে বরং ‘বিদ্রোহের বিশ্বকাপ’ তকমা দিয়ে দেওয়া যাক। ফ্রান্সের গৃহবিবাদ তো ভয়াবহ আকার ধারণ করেছে। কিঞ্চিৎ গোলযোগ চলছে দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুনের শিবিরে। তিন দিন ধরে বিদ্রোহের গন্ধ ভেসে আসছিল ইংল্যান্ড শিবির থেকেও। কোচ ক্যাপেলোর আচরণে খেলোয়াড়েরা সন্তুষ্ট নন, মিডিয়ার এমন গুঞ্জনে হাওয়া দিয়েছিলেন জন টেরি। তিনি বলেছিলেন, অসন্তুষ্ট খেলোয়াড়েরা কোচকে তাঁদের মনের কথা বলতে চান। এবার টেরির কথার প্রবল নিন্দা করলেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। আর টেরি নিজেও ক্ষমা চেয়েছেন তাঁর বলা কথার জন্য।কোচ-খেলোয়াড়েরা মিলে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন ইংলিশ দলে কোনো বিদ্রোহ নেই। কিন্তু তাঁরাই আবার নিজেদের কথাতে ‘বিদ্রোহের’ অস্তিত্ব প্রমাণ করে দিচ্ছেন। ফ্যাবিও ক্যাপেলোই যেমন বললেন, ‘দলে এক-দুজন সম্ভবত আছে, যারা খুশি নয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠরা খুশি। একজন খেলোয়াড় কখনোই বাকিদের তুলনায় গুরুত্বপূর্ণ হতে পারে না। দলই বেশি গুরুত্বপূর্ণ।’ফ্যাবিও ক্যাপেলোর কথিত এই ‘এক-দুজন’-এর নেতা জন টেরি। সম্প্রতি টেরির এক মন্তব্যই ইংল্যান্ড শিবিরে অসন্তোষের কথা বাইরে এনে ফেলেছে। টেরি সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, অসন্তুষ্ট খেলোয়াড়দের হয়ে তিনি মিটিংয়ে কথা বলবেন ক্যাপেলোর সঙ্গে।সংবাদমাধ্যমের সামনে এভাবে টেরি কথা বলায় চটেছেন ক্যাপেলো। তিনি বলছেন, চেলসির এই ডিফেন্ডার এ কথা বলে মারাত্মক ভুল করেছেন। ইংল্যান্ড কোচের বক্তব্য, তাঁর কাছে মনের কথা বলতে বিশেষ আয়োজনের দরকার নেই, ‘আমার সঙ্গে কেউই তার সমস্যা নিয়ে কথা বলেনি। আমার দরজা সব সময়ই খোলা থাকে। কেউ কথা বলতে চাইলেই বলতে পারে। প্রত্যেক মিটিং শেষে আমি অধিনায়ককে জিজ্ঞেস করি, “কোনো সমস্যা আছে? কারও কিছু বলার আছে?” কিছুই বলে না তারা। এখন পত্রিকায় দেখছি, টেরি এসব কথা বলছে। আমি বুঝতে পারছি না যে ও আমার সঙ্গে কথা বলল না কেন! কিছু বলার থাকলে ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারত। কিন্তু এভাবে সংবাদমাধ্যমে বলাটা ভুল হয়েছে।’টেরি নিজেও ভুলটা বুঝতে পেরেছেন। তিনি বলছেন, কোচ বা অন্য কোনো খেলোয়াড়কে আহত করা তাঁর উদ্দেশ্য ছিল না, ‘কোচ বা অন্য কোনো খেলোয়াড়কে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি।’ একই সঙ্গে টেরি কোচের প্রতি তাঁর সমর্থনের কথাও জানিয়ে দিয়েছেন।সন্দেহবাদীরা যাই বলুন, টেরির অমন মন্তব্যের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দল নিয়ে অতিরিক্ত আবেগের কারণেই নাকি টেরি কথাটা বলেছিলেন, ‘আসলে দলের বাকিদের মতোই জন (টেরি) দল নিয়ে খুব আবেগপ্রবণ। আর দলের কাউকে না কাউকে তো প্রতিদিনই (সাংবাদিকদের সঙ্গে) কথা বলতে হয়। ও সেখানে এটাই বোঝাতে চাচ্ছিল যে দলের সবাই লড়াই করতে প্রস্তুত।’ল্যাম্পার্ড কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইলেন? ওয়েবসাইট।