বিধ্বংসী ভাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘মস্তিষ্ক-বিস্ফোরণ’ কথাটা খুব শোনা যায় ক্রিকেটে। ২০০৩ সালের ভ্যালেন্টাইন ডেতে মুহূর্তের জন্য ঠিক এটাই হয়েছিল হান্নান সরকারের! পিটারমারিজবার্গে ম্যাচের প্রথম বলেই ভাসের ট্রেডমার্ক ভেতরে ঢোকা বল যেন স্টেডিয়ামের বাইরে উড়িয়ে ফেলতে চাইলেন বাংলাদেশের ওপেনার। বলের নাগালও পেল না খ্যাপাটে ব্যাট। বোওল্ড!
পরের বলটায় নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ড্রাইভ করতে চেয়ে কী মনে করে শেষ মুহূর্তে থমকে গেলেন। বল ব্যাটে চুমু খেয়ে লোপ্পা ফিরতি ক্যাচ! হ্যাটট্রিক বলের মুখোমুখি এহসানুল হক। বাইরে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে বন্দী হলেন মাহেলা জয়াবর্ধনের বিশ্বস্ত হাতে। ইগলের মতো ডানা মেলে যেন উড়ে যেতে চাইলেন ভাস। দৌড়ে তাঁকে ধরার পর বুনো উল্লাসে মাতলেন সতীর্থরা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোনো ম্যাচ শুরু হলো হ্যাটট্রিক দিয়ে। ইতিহাসের আরও কয়েকটি পাতায় ঠাঁই হলো ভাসের—ওয়াসিম আকরাম ও সাকলায়েন মুশতাকের পর তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে দুটি হ্যাটট্রিক; চেতন শর্মা ও সাকলায়েনের পর তৃতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক। একটু পরই আরেক পর্ব ইতিহাস। হ্যাটট্রিকের পরের বলে চার মারলেন সানোয়ার। পরের বল ওয়াইড। পঞ্চম বলেই সানোয়ার এলবিডব্লু। ম্যাচের প্রথম ওভারে চার উইকেট এখনো আন্তর্জাতিক ক্রিকেটে একমেবাদ্বিতীয়ম হয়েই আছে।