বিধ্বংসী মেসি, দুরন্ত বার্সেলোনা
বার্নাব্যুতে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। সেই নভেম্বরের পর তাদের চূড়ায় ওঠা। কিন্তু সেখানে টিকতে পারল তারা মাত্রই ঘণ্টা দুয়েক। লম্বা সময়ের জন্য টিকবে কী করে? পরে যে খেলা ছিল ‘মেসির বার্সেলোনার’! আক্ষরিক অর্থেই পরশু বার্সেলোনা ছিল মেসির দল। এবং এই পরিচয়ে গৌরব বোধই করেছে এই গ্রহের গত বছরের সেরা ফুটবল ক্লাবটি। মেসির হ্যাটট্রিকে টেনেরিফকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে এসেছে তারা। স্প্যানিশ লিগে দুই প্রধানের সহজ জয়ের রাতে সিরি ‘আ’র দুই ‘দানবে’র খেলাটা চমকে দিয়েছে ইতালিকে। তুরিনের স্টাডিও অলিম্পিকোতে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে এসি মিলান। বড় পরাজয়ের লজ্জা যেমন-তেমন, এতে তুরিনের ‘ওল্ড লেডি’র হূদয়টাও হয়েছে চূর্ণ। শিরোপা জয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে জুভেন্টাসের। আর এতে এক ম্যাচ কম খেলেই শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের ৮ পয়েন্ট দূরত্বে চলে এসেছে মিলান। তার মানে শিরোপার একটু আলো কিন্তু দেখতে পাচ্ছে তারাও।লা লিগায় সর্বশেষ ২০০১ সালে টেনেরিফ ৬-০ গোলে হেরেছিল বার্সেলোনার কাছে। সেই দুঃস্বপ্ন ভোলার মিশন নিয়েই পরশু তারা নেমেছিল নিজেদের মাঠে। একটু এলোমেলো থাকার সুযোগ নিয়ে ম্যাচটা শুরুও করেছিল দারুণভাবে। ভাগ্য ভালো থাকলে আলেজান্দ্রো আলফেরো ২৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন। ভাগ্য তাঁর সহায় হয়নি, ক্রসবারে বল লাগিয়েছেন, বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসও হয়ে গেলেন দুর্ভেদ্য। এরপর তো ‘মেসি-জাদু’রই অপেক্ষা করতে পারত টেনেরিফের দর্শক। ৩৬ মিনিটে বোজান কিরকিচের পাসে গোল করেন মেসি। বিরতির আগের দুই মিনিটে আরও দু গোল পেয়ে যায় বার্সা। ৪৪ মিনিটে মেসির ফ্রিকিকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস পিয়োল। বিরতির বাঁশি বাজার আগে ইনিয়েস্তা ও কিরকিচ সমন্বয়ে বল পেয়ে মেসি করেন দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার খড়গের নিচেই যেন পড়ে যায় টেনেরিফ। ৭৫ মিনিটে ২০ গজ দূরের শটে গোল করে মেসি দেখিয়েছেন কেন তিনি ইউরোপ ও বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। টেনেরিফ সমর্থকেরা প্রথমে চিত্কার করে সমর্থন জুগিয়েছে দলকে, কিন্তু পরে মেসির দুর্দান্ত খেলায় মোহাবিষ্ট হয়ে জয়গান গেয়েছে মেসির। ৮৫ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে লুনা দুঃখ বাড়িয়েছেন টেনেরিফের। শেষ পর্যন্ত প্রতিপক্ষের এমন পরাজয় দেখে মেসিরও একটু খারাপ লেগেছে, এমন ফল ওদের প্রাপ্য ছিল না।’ তবে হ্যাটট্রিক করতে পেরে তিনি খুশি, বেশি খুশি দল জেতায়, ‘তিন গোলের জন্য খুবই আনন্দ হচ্ছে আমার, বিশেষ করে দল জেতায় আমি বেশি খুশি।’ এই তিন গোল নিয়ে ভ্যালেন্সিয়ার ডেভিড ভিয়ার সঙ্গে যুগ্মভাবে গোলদাতা তালিকার শীর্ষে উঠে গেছেন মেসি।১৭ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা। চ্যাম্পিয়নদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। যদিও তারা রাতের প্রথম ম্যাচে হিগুয়েইন ও গ্রানেরোর প্রথমার্ধে দেওয়া দু গোলে হারিয়েছে মায়োর্কাকে। এ ম্যাচে কাকাকে ফিরে পেয়েছে রিয়াল। সেই যে নভেম্বরের শেষে কুঁচকির চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন কাকা, তারপর ফিরলেন এই প্রথম। ফেরার ম্যাচেই গোল একটা প্রায় করেই ফেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা।স্পেনে মেসি যখন মাঠ আলো করেছেন, তখন ইতালিতে আলো ছড়িয়েছেন তাঁর সাবেক বার্সা সতীর্থ রোনালদিনহো। জুভেন্টাসের মাঠে মিলানের চমক দেওয়া জয়ের নায়ক এই ব্রাজিলিয়ান তারকাই। দু গোল করেছেন। তাঁর প্রথম গোল ৭২ মিনিটে, দ্বিতীয়টি ৮৮ মিনিটে। ২৯ মিনিটে মিলানকে প্রথম এগিয়ে দেন নেস্তা। তিনটি গোলই হয়েছে কর্নার থেকে এবং ক্যানাভারোর মতো ডিফেন্ডার থাকতেও কর্নারের বিপক্ষে জুভেন্টাসের রক্ষণ ছিল যাচ্ছেতাই। পরাজয়ের পর মিলানের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন জুভেন্টাস কোচ সিরো ফেরেরা, ‘৩-০ ব্যবধানেই পরিষ্কার যে ম্যাচটা ঠিক ফলই দেখেছে। আমাদের এখন দুঃসময়।’ দলের দুঃসময় তো বটেই, কোচও দুঃসময়ের মুখোমুখি, এখন চাকরিটাই চলে যেতে পারে তাঁর। ওয়েবসাইট।