বিধ্বস্ত অস্ট্রেলিয়া, দুর্দান্ত ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ৪ উইকেট পড়ল ৬৩ রানে, শেষ ৫ উইকেট ২৮ রানে। কাল হায়দরাবাদে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ল হুড়মুড়িয়েই। ভাগ্যিস, শুরু ও শেষের এই দুই ধসের মাঝে ঘণ্টা তিনেকের একটা বিরতি ছিল। আর সেই সময় ম্যাথু ওয়েডকে সঙ্গী করে ২২ গজ শাসন করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। পঞ্চম উইকেটে ক্লার্ক-ওয়েডের ১৪৫ রানের জুটিটাই সফরকারীদের ২০০ পার করিয়েছে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ক্লার্ক খেলেছেন ৯১ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। ক্লার্ক ব্যাট হাতে বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। এই দৃশ্যটাই কিছুদিন ধরে ঘুরেফিরে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। ঠিক আগের টেস্টেই চেন্নাইয়ের যে উইকেটে ধুলোয় লুটিয়েছে অস্ট্রেলিয়ার সম্মান, সেখানেও খেলেছিলেন ১৩০ রানের অসাধারণ এক ইনিংস। অধিনায়ক হওয়ার পর থেকেই যেন ব্যাটটা চওড়া হয়ে গেছে ক্লার্কের। ২০১১ সালে পন্টিংয়ের উত্তরসূরি হওয়ার পর খেলা ২৩ টেস্টে ৭০.৬৬ গড়ে ২৫৪৪ রান অধিনায়ক ক্লার্কের। কাল শেষ বিকেলেই অবশ্য দিনের সবচেয়ে বড় চমকটা উপহার পেল হায়দরাবাদের দর্শক। ৯ উইকেটে ২৩৭ রানেই ইনিংস ঘোষণা করে দিলেন ক্লার্ক। ২৫০ রানের কমে ম্যাচের প্রথম ইনিংস ঘোষণা করার ঘটনা ১৩ বছর পর দেখল ক্রিকেট-বিশ্ব। ২০০০ সালে সেঞ্চুরিয়নের বিতর্কিত সেই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ২৪৮ রান তুলেই ইনিংস ঘোষণা করেছিল হানসি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা। দর্শকেরা চমকালেও ভারতীয় দুই ওপেনার শেবাগ ও মুরালি বিজয় দলকে কোনো বিপদে না ফেলেই কাটিয়ে দিয়েছেন ৩ ওভার। ভারত বিনা উইকেটে ৫ রান তুলে দিন শেষ করেছে। এর আগে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। চেন্নাইয়ে ভারতীয় স্পিনারদের হাতে নাকাল হওয়া দলটির কাল সকালে হলো অন্য অভিজ্ঞতা। প্রথম টেস্টে এক ইনিংসে বল করে উইকেটশূন্য থাকা পেসার ভুবনেশ্বর কুমারই কাঁপিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। দিনের তৃতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে প্রথম টেস্ট উইকেট, ভুবনেশ্বর নিজের পরের ওভারেই ফেরালেন এড কাওয়ানকে। এরপর শেন ওয়াটসনকেও সুইংয়ে বিভ্রান্ত করে এলবিডব্লু করে পেলেন তৃতীয় উইকেট। ৬ রান পর ফিলিপ হিউজকে ধোনির ক্যাচ বানিয়ে স্কোরটাকে ৪ উইকেটে ৬৩ করেন নিজের প্রথম চার ওভারে কোনো রান না দেওয়া রবিচন্দ্রন অশ্বিন। শেষের পাঁচটি উইকেট ভাগাভাগি করেছেন হরভজন সিং ও রবীন্দ্র জাদেজা।প্রথম সেশনের বাকি অংশ ও পুরো দ্বিতীয় সেশনটাতেই রাজত্ব করেছেন ক্লার্ক-ওয়েড। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া ক্লার্কের ইনিংসটা অবশ্য পুরোপুরি কলঙ্কমুক্ত ছিল না। ৫২ রানে চেতেশ্বর পূজারার ছেড়েছেন ক্যাচ, ৩২ রানে হতে পারতেন এলবিডব্লুও।কাল অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়েছে স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। নাথান লায়নের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি। বাদ পড়েছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। দল পাল্টেছে, অস্ট্রেলিয়ার ভাগ্য কি পাল্টাবে? ওয়েবসাইট, স্টার ক্রিকেট।