বিধ্বস্ত আবাহনীর কম্বোডিয়া-মিশন
আগের তিনবার গ্রুপ পর্বেই বিদায়। গত দুই বার বাধা ছিল গোলগড়। এবার ফরম্যাট খানিক পরিবর্তন হওয়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়া তুলনামূলক সহজই। সেই আকাঙ্ক্ষা পূরণ করার স্বপ্ন নিয়ে নিজেদের চতুর্থ এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে আজ রাত তিনটায় কম্বোডিয়াগামী বিমানে উঠছে আবাহনী।পরশু রহমতগঞ্জের কাছে অপ্রত্যাশিত হার। বাংলাদেশ লিগে আবাহনীর টানা চতুর্থ হ্যাটট্রিক শিরোপার পথটা কণ্টকাকীর্ণ। শীর্ষে থাকা মুক্তিযোদ্ধার চেয়ে কার্যত ৬ পয়েন্ট পেছনে, ম্যাচ বাকি ৬টি। এ অবস্থায় প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে আবাহনীর জন্য সেটি হবে বড় প্রাপ্তিই।২১ মে কিরগিজস্থানের নেফচি, ২৩ মে কম্বোডিয়ার নমপেন ক্রাউন ও ২৫ মে ম্যাচ শ্রীলঙ্কার ডন বস্কোর সঙ্গে। আগের তিনটি প্রতিযোগিতায় সাবেক রাশিয়ান ব্লকের দেশগুলোর প্রতিনিধির কাছে হারেনি আবাহনী। নেফচিকে নিয়ে তাই বড় কোনো ভয় নেই। কম্বোডিয়া ও শ্রীলঙ্কার দল দুটি আবাহনীর চেয়ে কাগজে-কলমে অন্তত এগিয়ে নেই।তা ছাড়া আগের তিনবার তিন গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ হয়ে একটি দল যেত দ্বিতীয় রাউন্ডে। এবার প্রতি গ্রুপ থেকেই দুটি করে দল যাবে। তাই আবাহনীর ভালো সুযোগ থাকছেই। ম্যানেজার সত্যজিত দাস রুপু বলছেন, ‘আমরা এবার ভালো সুযোগ দেখছি। দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন এবার পূরণ করতে চাই।’কিন্তু আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমির কপালে ভাঁজ, ‘বাজে রেফারিং এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের এলোপাতাড়ি পা চালানোর শিকার হয়ে ইব্রাহিমসহ আমার চার-পাঁচজন খেলোয়াড় আহত। প্রেসিডেন্টস কাপে কীভাবে আমি খেলব, ভেবে পাচ্ছি না। হাতে ফিট দল না থাকলে মানসিকভাবে শক্তি পাওয়া যায় না।’উল্লেখ্য, এই টুর্নামেন্টে দুই বিদেশি কোটায় ঘানাইয়ান প্লে-মেকার ইব্রাহিমের সঙ্গে থাকছেন তাঁর স্বদেশি ডিফেন্ডার সামাদ।