বিধ্বস্ত পর্তুগালের পাশে স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি।
লুইস ফেলিপে স্কলারি।

শৈল্পিক, গতিশীল, দুর্দান্ত! যাদের জন্য এত সব বিশেষণ, সেই জার্মানির সঙ্গে হেরে যাওয়া খুব লজ্জার কিছু নয়, তাতে ভুল নেই। তাই বলে চার-চারটি গোল খেয়ে হার? এমন ‘জাত মেরে দেওয়া’ হারের পর পর্তুগাল দলকে এই মুহূর্তে এক ধ্বংসস্তূপই বলা চলে। এমন এক দুঃসময়ে রোনালদোদের পাশেই দাঁড়াচ্ছেন তাঁদের পুরোনো গুরু লুইস ফেলিপে স্কলারি। তাঁর মতে, এই হারের পরও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য পর্তুগিজ দলের আছে। একই সঙ্গে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও সাফল্যের দেখা পাওয়ার অতীত ইতিহাসটা পর্তুগাল দলকে মনে করিয়ে দিয়েছেন এবার ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের স্থপতি।

১২ বছর আগে এই স্কলারির হাত ধরেই এসেছিল ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ। সেলেসাওদের বিশ্বকাপ জিতিয়েই তিনি হাল ধরেছিলেন পর্তুগালের। তাঁর ছোঁয়ায় পর্তুগিজরাও বদলে গিয়েছিল আমূল। ২০০৪ সালে ইউরোপ-সেরার খেতাব থেকে তারা থেমেছিল মাত্র এক পা দূরে। গ্রিসের বিপক্ষে ফাইনালে সোনালি গোলের দুর্ভাগ্য না হলে ইউরোর ট্রফিটা হয়তো তাদের ঘরেই যেত। ২০০৬ বিশ্বকাপেও নতুন ইতিহাস গড়ার পথেই ছিল পর্তুগাল। সেমিফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টি গোলে হেরে সেই স্বপ্নের সমাধি হলেও স্কলারির অধীনে সময়টা দারুণই কেটেছিল পর্তুগালের। গতকাল জার্মানির কাছে নিজেদের প্রথম ম্যাচে সাবেক শিষ্যদের উড়ে যাওয়া দেখে পুরোনো স্মৃতিগুলো কেন যেন ফিরে আসছে স্কলারির মনে। ২০০৪ ইউরোয় প্রথম ম্যাচে হেরেও ফাইনালে যাওয়ার সেই ইতিহাসটাই এই মুহূর্তে হতে পারে পর্তুগালের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

স্কলারির পরামর্শ, পরের ম্যাচগুলো নিয়ে ভাবা। হারের ধাক্কাটা সামলে ওঠা। আপাতত এই বলা ছাড়া আর কীই-বা করতে পারেন ‘বিগ ফিল!’