বিন বন্ড বেকহামের অলিম্পিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মি. বিনের কাণ্ডকারখানা দেখে হাসির দমকে পেট ফেটে যায়। মি. বন্ড নামটা দেয় অ্যাকশন-অ্যাডভেঞ্চারের গন্ধ। লন্ডন অলিম্পিকে বিন-বন্ড থাকলেন তাঁদের মতো করেই। শুধু ডেভিড বেকহাম মাঠ আর ফুটবল ছেড়ে পানিপথে ছুটলেন মশাল নিয়ে!অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করতে চেষ্টার ত্রুটি রাখেননি অস্কার বিজয়ী ড্যানি বয়েল। ২০০৮ বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে হারাতে পারলেন কি না, সে আলোচনা এখনো চলছে, তবে বৈচিত্র্য অনেকই দিলেন। ঠোঁটে ‘গুড ইভিনিং, মি. বন্ড’ সংলাপ জুড়ে দিয়ে রানি এলিজাবেথকেও হাতেখড়ি করালেন অভিনয়ে।রানিকে উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে আসার গুরুদায়িত্ব ছিল জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগের। বাকিংহাম প্যালেস থেকে হেলিকপ্টারে করে রানিকে নিয়ে আসার মধ্যে নাটকীয়তা ছিল চরম, যেন দূর দ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসছেন কোনো ‘বন্ড গার্ল’কে।মি. বিন তাঁর মতোই অসহায়, আলাভোলা চরিত্র। রোয়ান অ্যাটকিনসনকে অলিম্পিক স্টেডিয়ামে দেখে সবচেয়ে খুশি হয়েছে সম্ভবত শিশুরাই। যদিও অর্কেস্ট্রা দলের সদস্য সেজে বিনোদন তিনি সবাইকেই দিলেন। টিভির পর্দায় দেখা সেই মুখভঙ্গি, বোকার হাসি। অ্যাটকিনসন তো সংলাপ ছাড়াই নায়কদের নায়ক!ফুটবলার হলেও ডেভিড বেকহামের জীবন বন্ড-বিনদের চেয়ে কোনো অংশে কম রঙিন নয়। আলোয় ভরা টেমস নদী দিয়ে ছুটছিল দুরন্ত স্পিডবোট। পেছনে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে বেকহাম, সামনে মশাল হাতে তরুণী। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনেক বেশি আলোকিত হয়ে উঠেছিল এই অংশটাতে। এত বড় মঞ্চে কাকে কোন রূপে হাজির করতে হবে, সেটা ড্যানি বয়েলের চেয়ে কে ভালো বোঝে!স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত বয়েল অবশ্য নিজে কৃতিত্ব নেওয়ার চেয়ে কৃতজ্ঞতাই প্রকাশ করলেন বেশি, ‘এ রকম একটা প্রদর্শনী আপনাদের সামনে তুলে ধরতে পারাটা বিরাট সম্মানের।’ এএফপি, ওয়েবসাইট।