
কাচঘেরা লিফটে করে তিনি নামছেন, হোটেল লবিতে থাকা সবার চোখ সেদিকে। লিফট থেকে বেরিয়ে এগিয়ে গেলেন রিসেপশন ডেস্কের দিকে। এগিয়ে এলেন একসঙ্গে চারজন। তিনি ইতিউতি ঘোরাঘুরি করছেন, পেছনে ঘুরঘুর করছেন কয়েকজন। চারপাশের সবার উৎসুক দৃষ্টি সেদিকে। তাঁর প্রতিটি পদক্ষেপ, কথা বলা, এই যে জট পাকানো চুলে হাত বোলালেন, তাঁর সানগ্লাস, সবই যেন দর্শনীয়!
এই সবকিছুর চেয়ে দর্শনীয় অবশ্য তাঁর ব্যাটিং। বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক। ব্যাটিং যদি হয় বিনোদন, তাহলে টি-টোয়েন্টিতে তিনি সেই বিনোদনের সবচেয়ে বড় ফেরিওয়ালা। তবে মাঠের বাইরের গেইলও একই দর্শনে বিশ্বাসী। মাঠে সবাইকে বিনোদন দিতে চান, মাঠের বাইরে বিনোদন নিতে চান জীবন থেকে। উপভোগ করতে চান প্রতিটি মুহূর্ত। তাঁর এই ক্রিকেট-দর্শন আর জীবনদর্শনের সঙ্গে দারুণভাবে খাপ খেয়ে যায় টি-টোয়েন্টির দর্শন। সব মিলিয়েই হয়ে উঠেছেন তাই টি-টোয়েন্টির মুখ। টি-টোয়েন্টি ক্রিকেটেরই সমার্থক। ক্রিস গেইল আর টি-টোয়েন্টি—দুটোই বিনোদনের ভরপুর প্যাকেজ!
পেশাদারি আর হাজারো বাধানিষেধে ক্রিকেটারদের যান্ত্রিক হয়ে যাওয়ার এই যুগে গেইল উজ্জ্বল ব্যতিক্রম এক চরিত্রও। সেটির প্রমাণ পাওয়া গেল কালও। উন্মুক্ত মিডিয়া সেশনের মতো একটা গুরুগম্ভীর ব্যাপারকে কেমন হাস্যরসে মাতিয়ে রাখলেন!
শুরুটা অবশ্য একটু সিরিয়াস সুরেই। ‘চাপ’ বলে কোনো শব্দ যে ক্রিকেটে আছে, গেইলের ব্যাট সেটা নিয়ে সংশয় জাগায় প্রায়ই। তবে প্রতিনিয়ত এমন ব্যাটিং করাই যে বড় একটা চাপ, সেটা স্বীকার করলেন অকপটে, ‘একটা ধারার অগ্রপথিক হলে লোকে সব সময় একই রূপে দেখতে চায়। শুধু ক্যারিবিয়ানে নয়, বিশ্বের সবাই মনে করে প্রতিদিনই আমি বিস্ফোরক কিছু করব। প্রতিদিনই বিনোদনের চাহিদা নিয়ে গাঁটের পয়সা খরচ করে লোকে মাঠে আসে। টিভির সামনে বসে থাকে। কিন্তু ক্রিকেটে তো প্রতিদিন সেটা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করি যত বেশি সম্ভব বিনোদন দিতে।’
প্রথাগত এই কথাগুলো যেন ব্যাট হাতে ২২ গজে থিতু হওয়ার আগে খানিকটা সময় নেওয়া। চোখ সয়ে যাওয়া আর উইকেটের ভাষা পড়ার পর সেই যে স্বরূপে প্রকাশিত হলেন, আর গুটিয়ে যাওয়ার নামই নেই! ব্যাটিংয়ে চার-ছয়ের বন্যা বইয়ে দেওয়া গেইলের চেয়ে কোনো অংশেই কম বিনোদনদায়ী নন এই গেইল। বোলার গেইলকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না—একজন এটা বলতেই যেন আকাশ থেকে পড়লেন, ‘বলছেন কী? আই অ্যাম দ্য বেস্ট স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড, মান! বুঝতে পাচ্ছি, বেশ কিছুদিন বোলিং করছি না বলে আপনারা আমার বোলিং মিস করছেন। শুনুন, (যেন গোপন কিছু ফাঁস করছেন এই ভঙ্গিতে) আমি হলাম আমার দলের গোপন অস্ত্র। দল একটু ঝামেলায় পড়লেই বল হাতে হাজির হব।’
বাংলাদেশে সর্বশেষ সফরে (২০১২) এই গেইল-দানবকে বোতলবন্দী করে রেখেছিলেন আনকোরা এক তরুণ স্পিনার। টেস্টের প্রথম বলেই ছয় মেরে যদিও রেকর্ড গড়েছিলেন, কিন্তু এরপর আর গেইলকে ডানা মেলতে দেননি ওই সিরিজেই অভিষিক্ত সোহাগ গাজী। তো গাজীকে মনে আছে? প্রশ্নটি শুনেই ভ্রু কুঁচকে তাকালেন, ‘কে? কে? ওহ্, ওই বোলারটা, যাঁকে আমি টেস্টে প্রথম বলেই ছক্কা মেরেছিলাম! ওর নাম তো ইতিহাসে ঢুকে গেছে, জ্যামাইকায় দারুণ বিখ্যাত! নাম কী সেই বোলারের? ও এখন ভালো বোলার বুঝি?’ খুব সিরিয়াস ভঙ্গিতে উত্তরটা দিয়ে পরমুহূর্তেই আবার মুখে হাসি, ‘নাহ্, আসলে দারুণ এক তরুণ প্রতিভা সে, খুবই সম্ভাবনাময় স্পিনার।’
টি-টোয়েন্টির প্রতীক এই ব্যাটসম্যানই কিন্তু দু-দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন টেস্টে। তৃতীয়টি কবে? একদম নিশ্চিত ভঙ্গিতে বলে দিলেন, ‘পরের টেস্টেই! শততম টেস্ট খেলব আমি ঘরের মাঠ জ্যামাইকায়, ওখানেই করব।’ শোনালেন নতুন এক উদ্ভাবনের কথা, ‘নতুন একটা শট বের করেছি, এখন থেকে ডান হাতে ব্যাটিং করব!’
‘গত বিশ্বকাপ মাতানো গ্যাংনামের পর এবার...’ প্রশ্নটা পুরো শোনার অপেক্ষাও করলেন না, চোখ পাকিয়ে বললেন, ‘ছিলেন কোথায় আপনি এতক্ষণ! মাত্রই পাশের রুমে নতুন একটি নাচ দেখালাম! আচ্ছা, রাতে টিভিতে দেখে নিও।’
হাসির হুল্লোড় দেখে ততক্ষণে আইসিসির মিডিয়া ম্যানেজার এসে হাজির। হালকা হয়ে ওঠা পরিবেশকে হয়তো একটু ভারী করতে চাইলেন ক্রিকেটের তিন সংস্করণের ভবিষ্যতের প্রসঙ্গ তুলে। কিন্তু গেইলকে তখন ঠেকায় কে! ‘তিন সংস্করণই তো থাকবেই। তবে আমি যখন বিদায় বলব, আইসিসির উচিত নতুন আরেকটা সংস্করণ বের করা। মাস্টার্স ক্রিকেট বা এ ধরনের কিছু। কেপিকে (কেভিন পিটারসেন) যেমন আর দেখা যাবে না। কেপি আর আমরা একসঙ্গে মাস্টার্স খেলতে পারি। আইসিসির উচিত সংস্করণ বাড়িয়ে চারটি করা।’
এমন একজনে না মজে উপায় আছে! তাঁর ব্যাটিং যেমন ম্যাচ শেষেও রেশ রেখে যায়, গেইলের কথাও তেমনি সংবাদকর্মীদের মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখল মিডিয়া সেশন শেষের অনেক পরেও। আরেকবার মনে করিয়ে দিলেন সবচেয়ে বড় সত্যিটাও। দিনের শেষে ক্রিকেট তো একটি খেলাই, এখানে সাফল্য-ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়। আর জীবন, সে তো উপভোগের আরেক নাম!