বিনোদনের সোনাও কেম্বইয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এথেন্স অলিম্পিকে সোনা জিতেছিলেন। বেইজিংয়ে পারেননি। সেই দুঃখ ভুলেছেন পর পর দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে। এই অলিম্পিকের আগেই ৩০০০ মিটার স্টিপলচেজে তাঁকে সর্বকালের সেরা বলতে শুরু করেছিল অনেকে। যদি কারও মনে ক্ষীণতম সংশয়ও থেকে থাকে, সেটি দূর হয়ে গেল গত পরশু আরেকটি অলিম্পিক সোনা জয়ে।সেরা কমেডিয়ানের জন্য যদি অলিম্পিকে কোনো সোনা থাকত, সেটিও জিততেন এজেকিয়েল কেম্বই। স্টিপলচেজে তা-ও দু-একজন প্রতিদ্বন্দ্বী আছে, সেখানে তাঁর ধারেকাছেও কেউ আসতে পারত কি না সন্দেহ। পরশু রাতে সাংবাদিকেরা যখন উসাইন বোল্টের জন্য অধীর অপেক্ষায়, একের পর এক অন্য ইভেন্টে বিজয়ীদের সংবাদ সম্মেলন হয়ে চলেছে। বেশির ভাগই বিরক্ত। কেম্বইয়ের কৌতুক আর রসিকতায় সেই বিরক্তি উধাও। বলা যায়, মিনিট বিশেকের নির্মল বিনোদন উপহার দিয়ে গেলেন পেশায় এই পুলিশ অফিসার।অলিম্পিক স্টেডিয়ামের ৮০ হাজার দর্শকও কেম্বই-বিনোদন থেকে বঞ্চিত হয়নি। কেনিয়ান পতাকা নিয়ে স্টেডিয়াম ঘুরে বেড়ালেন আর থেমে থেমে অদ্ভুত এক নাচ। বোল্টের উদ্যাপন দেখে প্রভাবিত হয়েছেন কি না প্রশ্ন করায় বললেন, ‘দেগুতে (বিশ্ব চ্যাম্পিয়নশিপে) যখন আমি এভাবে উদ্যাপন করেছি, লোকে বলেছে আমি “মিনি বোল্ট”। তবে বোল্টেরটা আলাদা, ও তো আর নাচে না।’ সেই নাচ দর্শকদেরও নাচিয়েছে। যেন মহামূল্যবান কিছু উপহার দিচ্ছেন, এমন ভঙ্গিতে কেম্বই বলেন, ‘আমার নাচটা আমি ইংরেজ জনগণের প্রতি উৎসর্গ করছি।’স্টিপলচেজারদের যেমন চেহারা দেখে সবাই অভ্যস্ত, ঠিক তেমনই দেখতে। ছোটখাটো শরীর, কালো, লিকলিকে—এটিকে আরেকটু বিশিষ্ট করে তুলতে কেম্বইয়ের মাথার ঠিক মাঝখানে বৃত্তাকার চুল। ফাইনালের জন্য আলাদা হেয়ারস্টাইলের রহস্যটা কী? মাথা ঝুঁকিয়ে চুলে হাত বোলাতে বোলাতে কেম্বই বলেন, ‘সাইজটা দেখেছেন—গোল। এটা হলো গোল্ড মেডেল। বার্লিনে (২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ) এমন করেছিলাম, জিতেছি। দেগুতে করেছিলাম, ওখানেও জিতেছি। আমার মাথা কামানো মানেই একটা ঘোষণা—আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। বড় কিছু হতে চলেছে, প্রতিদ্বন্দ্বীরা সব সাবধান!’ বলেন আর ফিচকে হাসি হাসেন কেম্বই।সবচেয়ে মজা হলো ক্যারিয়ার নিয়ে কী একটা প্রশ্নে। কেম্বই নির্বিকার মুখে সেই ২০০৩ সাল থেকে কোথায় কী জিতেছেন তা মুখস্থ বলে যান। ‘২০০৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ—নাম্বার টু, ২০০৪ এথেন্স অলিম্পিক—নাম্বার ওয়ান...’ কেম্বইয়ের তালিকা চলতেই থাকে আর সাংবাদিকদের মধ্যে হাসির রোল ওঠে। পুরো ক্যারিয়ারের একটা বর্ণনা দিয়ে ফেলার পর হাসিমুখে বলেন, ‘এখন আমি ম্যারাথন শুরু করব ভাবছি।’ সংবাদ সম্মেলনের সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘ম্যারাথন শেষ করার পর কমেডিয়ানের পেশা তো আছেই।’৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টটা একরকম কেনিয়ারই সম্পত্তি হয়ে গেছে। অলিম্পিকে সোনা এল টানা অষ্টমবার। এই একটা প্রসঙ্গেই একটু সিরিয়াস ভঙ্গিতে উত্তর দেওয়ার চেষ্টা করলেন কেম্বই। কিন্তু বলার ভঙ্গিতে ঠিকই হাসতে হলো সবাইকে, ‘এটা আমাদের জিনিস। অন্য কাউকে আমরা জিততে দেব না। একেক দেশে একেকটা খেলা বড়, শ্রীলঙ্কায় ক্রিকেট, বেশির ভাগ দেশে ফুটবল, কোথাও বা অন্যকিছু, কেনিয়ার হলো স্টিপলচেজ। এটা আমাদের রেস, আমাদেরই থাকবে।’বেইজিংয়ের চ্যাম্পিয়ন ব্রিমিন কিপরুটো পড়ে গিয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে পড়েছেন। রুপাটা তাই কেনিয়ার হাত ফসকে গেছে। সেটি জিতেছেন ফ্রান্সের মাহিদিন মেখিসি-বেনাব্বাদ। এটা নিয়েই কেম্বইয়ের রসিকতা, ‘ও বেইজিংয়ে টু, দেগুতে থ্রি, এখানে টু—না, ওকে ঠেকাতে আমাদের কিছু একটা করতে হবে।’বয়স হয়ে গেছে ৩০। আরও ১০ বছর নাকি দৌড়াতে চান। উদ্দেশ্য শুধু পদক জেতা নয়। নিজেকে ‘অতিপ্রাকৃত মানব’ হিসেবে প্রমাণ করা। এজেকিয়েল কেম্বইয়ের সবকিছুই অদ্ভুত!