বিনয়ী ইনিয়েস্তা, বিশ্বসেরা ইনিয়েস্তা
সংবাদ সম্মেলন রুমের পরিবেশ তখন একটু ভারী হয়ে উঠেছে। মৃত বন্ধুকে গোল উৎসর্গ করার কথা জানাতে গিয়ে একটু যেন ধরে এসেছে আন্দ্রেস ইনিয়েস্তার গলাটাও। কিন্তু বিশ্বসেরা হওয়ার দিনে কি আর মন খারাপ করা কথাবার্তা বললে চলে? আচমকা বিয়ার হাতে ওই কক্ষে ঢুকলেন তিন যুবক, চিৎকার করে বলতে থাকলেন, ‘ভিভা এসপানা...আন্দ্রেস, ইউ আর দ্য বেস্ট!’ সাধারণ কেউ নন, ওই তিন যুবক নিজেরাও বেস্টদের মধ্যেই আছেন—সেস ফ্যাব্রিগাস, কার্লোস পুয়োল ও জেরার্ড পিকে। তিন সতীর্থের এমন কাণ্ডে আবার বদলে গেল পুরো আবহ। আবার ইনিয়েস্তার মুখে হাসি, সেই হাসি, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই যে হাসি সরছিল না ইনিয়েস্তার মুখ থেকে। সেই হাসি, যে হাসি পরশু হাসিয়েছে পুরো স্পেনকেই। ‘ডন আন্দ্রেসে’র গোল স্পেনকে এনে দিয়েছে স্বপ্নপূরণের বিশ্বকাপ।তাঁর গোলেই অধরা বিশ্বকাপ ঘরে আনতে পেরেছে স্পেন, বিশ্বাস করতে পারছেন না ইনিয়েস্তা নিজেই, ‘আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। দলের জন্য এত গুরুত্বপূর্ণ একটা গোল আমি করেছি....অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য।’ এমন গুরুত্বপূর্ণ গোল করাটা কিন্তু ইনিয়েস্তার অভ্যাসেই পরিণত হয়ে যাচ্ছে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এটি ছিল তাঁর মাত্র পঁচিশতম গোল, কিন্তু এর মধ্যে অনেকগুলোই এমন গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপেই চিলির বিপক্ষে গ্রুপ পর্যায়ের বাঁচা-মরার ম্যাচে দলকে জেতানো গোলটি না করলে তো স্পেনের দ্বিতীয় রাউন্ডেই ওঠা হয় না! গত বছর চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে বার্সেলোনাকে ফাইনালে তুলে আনা ইনজুরি সময়ের সেই অসাধারণ গোলটির স্মৃতিও তো এখনো তরতাজা।বিশ্বকাপটা শুরু করেছিলেন একটা শঙ্কা নিয়ে। ইনজুরি কাটিয়ে কেবলই মাঠে ফিরেছিলেন, প্রথম ম্যাচেই আবার ইনজুরিতে পড়ে বসে থাকতে হলো দ্বিতীয় ম্যাচ। তবে তার পর থেকেই নিজের সেরাটা দেখিয়েছেন ইনিয়েস্তা, ম্যাচ-সেরা হয়েছেন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা গ্রুপের শেষ ম্যাচে এবং প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। এরপর ম্যাচ-সেরা হলেন ফাইনালেও। ইনিয়েস্তা কিন্তু নিজের কৃতিত্ব এত বড় করে দেখতে রাজি নন, ‘দলের জয়ে সামান্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। খুব...খুব কঠিন একটা ম্যাচ ছিল এটা, মাঠে কত কিছুই যে হচ্ছিল! দলের সবাই অসাধারণ খেলেছে, এই জয়ে সবার সমান অবদান।’বরাবরের বিনয়ী ইনিয়েস্তা বিনয়ের চূড়ান্ত দেখাবেন, এ আর এমন কি। তবে ইনিয়েস্তা দলের জন্য কতটা কী, সেটা তো সতীর্থ জাভি হার্নান্দেজ বলে দিয়েছিলেন বিশ্বকাপের আগেই, ‘অনেক ব্যবধানে এগিয়ে স্পেনের সেরা খেলোয়াড় সে, কারণ এমন কিছু ও পারে, যা অন্যরা পারে না!’ ওয়েবসাইট।