বিনয়ী মরিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে দলের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুকে ভাসিয়েছেন আনন্দের সাগরে, জিতিয়েছেন স্প্যানিশ লা লিগার শিরোপা। শুধু লা লিগাই নয়, ২০১১ সালে কোপা দেল রে ও এবারের সুপারকোপাও জিতেছে রিয়াল মাদ্রিদ মরিনহোর প্রশিক্ষণেই। এত কিছুর পরও আলোচিত এই পর্তুগিজ কোচ মনে করেন, রিয়ালের বিশাল ইতিহাসে তাঁর জায়গা খুবই সীমিত। তিনি এই জায়ান্টের ইতিহাসের খুবই ক্ষুদ্রতম একটা অংশ।রিয়াল মাদ্রিদের নিজস্ব টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাত্কারে মরিনহো বলেন, ‘আমি এই ক্লাবের মাত্র একটি লিগ শিরোপা জয়ের অংশীদার, আর কিছু না। পাশাপাশি দু-একটি শিরোপা জয়ের জন্য রিয়ালের বিশাল ইতিহাসের খুব ক্ষুদ্র অংশই পাওয়ার যোগ্য আমি।’এই মৌসুমে লা লিগাটা অবশ্য একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লিগে সাত ম্যাচ শেষে প্রবল প্রতিপক্ষ বার্সেলোনার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে থাকায় ইতিমধ্যে মরিনহোর মিশনকে অনেকটা কঠিন করে দিয়েছে। সামনের দিনগুলো যে যথেষ্ট কঠিন, সেটা বুঝতে পারছেন কোচ নিজেও। তবে তিনি এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দলের পারফরম্যান্সে আপাত সন্তুষ্টিই প্রকাশ করেছেন। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি ও সুপারকোপায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানো এবারের মৌসুমে মরিনহোর তৃপ্তির জায়গা। তবে তাঁর মতে, এই পারফরম্যান্স ধরে রাখতে হবে। দিন দিন এর উন্নতি ঘটাতে হবে।হোসে মরিনহোর মতে, ‘খেলোয়াড়দের মাঠে সর্বোচ্চটা দিয়ে দিতে হবে। শেষ রক্তবিন্দু উজার করে লড়ে আসতে হবে। আমার কাছে মহান হওয়ার মন্ত্র এই একটাই।’লা লিগার পারফরম্যান্স নিয়ে তিনি যে চিন্তিত, সেটা উঠে এসেছে তাঁর সাক্ষাত্কারে। মরিনহো বলেন, এখনো পর্যন্ত স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের যে পারফরম্যান্স, তাতে খুশি হওয়ার মতো তেমন কিছু নেই। তবে সাম্প্রতিক সময়ে রিয়ালের পারফরম্যান্স কিছুটা হলেও নিজেকে ফিরে পেয়েছে; ব্যাপারটিতে খুশি হলেও গা এলিয়ে দিতে রাজি নন মরিনহো। তাঁর মতে, ‘হ্যাঁ, আমরা একটু একটু করে নিজেদের ফিরে পাচ্ছি, আমাদের পারফরম্যান্সে স্থিরতা এসেছে। দেখা যাচ্ছে উন্নতি।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চাই লোকে আমার সমালোচনা করুক। আমি সব সময়ই কথাবার্তায় একটু উচ্চকিত থাকতে চাই। আমি চাই ওসব কথা বলে দলের খেলোয়াড়দের আহত বাঘের মতো হিংস্র করে তুলতে।’ ওয়েবসাইট।