বিপক্ষে আইসিসির সাবেক প্রধানেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির সাবেক তিন উর্ধ্বতন কর্মকর্তা এহসান মানি, ম্যালকম গ্রে ও ম্যালকম স্পিড
আইসিসির সাবেক তিন উর্ধ্বতন কর্মকর্তা এহসান মানি, ম্যালকম গ্রে ও ম্যালকম স্পিড

ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই তীব্র বিরোধিতার মুখে পড়েছে তিন মোড়লের তুঘলকি প্রস্তাবনা। বাইরে থেকে তো বটেই, এমনকি ঘরের মধ্যেই বিরোধিতার আঁচ টের পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে অগ্রাধিকার দিয়ে যে নতুন আঙ্গিকে ক্রিকেট বিশ্বকে পরিচালনার পাঁয়তারা চলছে, তার বিরোধিতা করেছেন আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যালকম স্পিড ও ম্যালকম গ্রে। ‘তিন জমিদারের’ সংস্কার প্রস্তাব দ্রুত বাতিল করার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

এর আগে পুরো ক্রিকেট বিশ্বের ক্ষমতা তিন দেশের মধ্যে ভাগ-বাঁটোয়ারার প্রস্তাবিত সংস্কার প্রস্তাবের কঠোর সমালোচনা করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা। এবার এর বিরুদ্ধে উচ্চকণ্ঠ হয়েছেন সাবেক ক্রিকেট প্রশাসকেরাও। শুরুটা করেছিলেন আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। তিন দেশের প্রস্তাবিত সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে একটা আনুষ্ঠানিক পাল্টা প্রস্তাবও তৈরি করেছেন তিনি। সেই প্রস্তাবের পক্ষে মানি সমর্থন পেয়েছেন দুই ‘ম্যালকম’ গ্রে ও স্পিডের। এতে সই করেছেন ক্যারিবীয় সাবেক কিংবদন্তি ক্লাইভ লয়েডও। তবে স্পিড আর গ্রের অন্তর্ভুক্তিই তিন মোড়লের প্রস্তাবের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এর আগে আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্পিড। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত আইসিসির সভাপতির দায়িত্বে ছিলেন গ্রে। সাম্প্রতিক সময়ে অবশ্য দুজনেই যুক্ত আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি নির্ধারণী নানা বিষয়ের সঙ্গে।

সাবেক ক্রিকেট প্রশাসকদের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ‘প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি ফায়দা লুটবে বিসিসিআই (ভারতীয় বোর্ড), ইসিবি (ইংলিশ ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া)। ২০১৫-২০২৩ সাল পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোও আয়োজিত হবে এই ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। এই ক্রিকেট বোর্ডগুলোই আয়োজক হওয়ার জন্য অর্থ বরাদ্দ পাবে।’ এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার পরও ভারতের কেন আরও টাকা দরকার, সেই প্রশ্ন বেশ জোরেশোরেই তুলেছেন এহসান মানি।

সার্বিকভাবে ক্রিকেটের উন্নয়নের বিষয়টি বিবেচনা করে চিঠিতে আরও বলা হয়েছে, ‘যদি ক্রিকেটকে আরও বিকশিত করতে হয়, তাহলে অ্যাসোসিয়েট আর এফিলিয়েট দেশগুলোর অংশগ্রহণ আরও বাড়াতে হবে। এ দেশগুলোর কেউ কেউ বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। ক্রিকেটকে যদি যুক্তরাষ্ট্র ও চীনে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায়, ক্রিকেটকে যদি অলিম্পিকের অংশ বানানো যায়, তাহলে আইসিসি আগামী ১০-১৫ বছরে আয় বাড়িয়ে নিতে পারবে বহুগুণে। আর এর জন্য দরকার সঠিক রূপকল্প।’— ক্রিকইনফো