বিপক্ষে আথারটন-ক্রোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক আথারটন
মাইক আথারটন

‘পজিশন পেপার’ নামের একটা গোপন প্রস্তাব। আর সেটি ফাঁস হওয়ার পর থেকেই প্রতিবাদে সরব ‘জমিদারি’র বিপক্ষে থাকা বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড। প্রতিবাদ এসেছে এমনকি জমিদারিপ্রত্যাশী অস্ট্রেলিয়ার সাবেকদের কাছ থেকেও। এবার এঁদের সবার সঙ্গে প্রতিবাদের মিছিলে যোগ দিলেন ‘বিগ থ্রি’র আরেক দেশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন ও সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো ।
ক্রিকেট-বিশ্বের যাবতীয় ক্ষমতা, লভ্যাংশ নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করার যে ষড়যন্ত্র করছে ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড, সাবেক প্রশাসকদের মধ্যে সবার আগে তার বিরোধিতা করেছিলেন এহসান মানি। বিগ থ্রির প্রস্তাব দ্রুত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আইসিসির সাবেক সভাপতি যে চিঠি পাঠিয়েছেন, তাতে সমর্থন মিলেছে একসময় ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির উঁচু পদে কাজ করা ম্যালকম স্পিড ও ম্যালকম গ্রেরও। পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক দুই সভাপতি শাহরিয়ার খান ও তৌকির জিয়া, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অবস্থান প্রস্তাবের পক্ষে হলেও এ ক্ষেত্রে বোর্ডের বিপক্ষে গিয়ে এহসান মানির চিঠিতে নিজের সমর্থন দিয়েছেন ক্রো।
প্রতিবাদীদের দলে যোগ দিয়ে তথাকথিত সংস্কার প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন আথারটনও। দ্য টাইমস-এ নিজের কলামে সাবেক ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘এই প্রস্তাবের সুরটা এত উদ্ধত এবং একতরফা যে এটা প্রথম দিকের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন সংগঠনটি সাম্রাজ্যবাদী ক্রিকেট সংস্থা হিসেবে শুরু হয়েছিল।’ এ রকম প্রস্তাবে খেলার আদর্শই হুমকির মুখে বলেও মনে করেন আথারটন, ‘এটা একটা আদর্শ যা আইসিসির অধীনে কখনো বাস্তবে রূপ নেয়নি। কিন্তু খেলা নিয়েও যদি আপনি আদর্শবাদী না হতে পারেন তাহলে আর কী নিয়ে হবেন?’
এ ধরনের পরিস্থিতিতে আইসিসির যে কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল সেটি তারা করতে পারছে না বলেও কড়া সমালোচনা করেছেন আথারটন, ‘আইসিসির এখনকার যে অবস্থা তা কারও কাছেই গ্রহণযোগ্য নয়। ধারণা করা হয় পূর্ণ সদস্য দুটি দেশ দুর্নীতিগ্রস্ত, চারটি কার্যত সর্বস্বান্ত, বেশির ভাগই ভারতের বদান্যতার ওপর নির্ভরশীল। অন্যদিকে জোগান অনুপাতে আয়ের ভাগ না পাওয়ায় ভীষণ অসন্তুষ্ট বিসিসিআইও।’
এত প্রতিবাদের পর শেষ পর্যন্ত আইসিসির টনক নড়ে, নাকি তারা ‘বিগ থ্রি’র হাতের পুতুল হয়েই থাকে, সেটি অবশ্য স্পষ্ট হয়ে যাবে আজকালের মধ্যেই। পজিশন পেপার নিয়ে আলোচনার জন্য আজ ও আগামীকাল দুবাইতে বসছে বহুপ্রত্যাশিত আইসিসি বোর্ডের সেই সভা। ওয়েবসাইট।