বিপত্তির নাম ওয়াংখেড়ে স্টেডিয়াম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম

আইপিএলের গত আসরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান। এর জের ধরে বলিউডের এই তারকাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল মুম্বাই ক্রিকেট সংস্থা। শাহরুখ খান সেই শাস্তি মাথা পেতেই নিয়েছেন। আজ ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে কোনোভাবেই থাকার সম্ভাবনা নেই শাহরুখের। তবে, এর পরও নিশ্চিন্ত হতে পারছে না মুম্বাই ক্রিকেট সংস্থা। শাহরুখ যেন কোনোভাবেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সে জন্য পুলিশ কর্তৃপক্ষকে আবার সতর্ক করে চিঠি দিয়েছেন মুম্বাই ক্রিকেটের কর্তাব্যক্তিরা।
মুম্বাই ক্রিকেট সংস্থার মাঠ ওয়াংখেড়ে শাহরুখ খানকে ছাড়বে না, সেটা অবশ্য ইতিহাসই বলে। এই মাঠে তারকাদের অপমানিত হওয়ার ইতিহাসটা যে বেশ বড়। শাহরুখ খানই কেবল নয়, বিভিন্ন সময়ে এই মাঠে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন অনেক তারকাই। ভারতীয় ক্রিকেটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন অজস্র অপকীর্তি আর বিতর্কের পীঠস্থান।
গত আইপিএলে শাহরুখ খান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। দর্শকদের সঙ্গে খেলোয়াড়দের বচসার কাহিনিও কিন্তু আছে এই মাঠের। এই মাঠেই একবার নিজের মন্থর ব্যাটিংয়ের কারণে সারা দিন ধরে দর্শকদের দুয়োধ্বনি শুনতে শুনতে ত্যক্ত-বিরক্ত রবি শাস্ত্রী মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গিয়েছিলেন। বচসায় জড়িয়ে তিনি বিতর্কের ঝড় তুলেছিলেন ভারতীয় মিডিয়ায়। মুম্বাইয়ের দর্শকদের অভব্যতার হাত থেকে রেহাই পাননি সুনীল গাভাস্কার, এমনকি শচীন টেন্ডুলকারও। ১৯৮৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিলিপ ডিফ্রেটাসের বলে মাত্র ৪ রানে আউট হওয়ার পর মুম্বাইয়ের দর্শকেরা গাভাস্কারকে উপহার দিয়েছিলেন তাঁর ক্রিকেটীয় জীবনের সবচেয়ে দুঃখজনক সময়। ২০০৬ সালে ভারতের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়ার দিনে ব্যর্থ হওয়ায় এই মুম্বাইয়ের দর্শকেরাই ভেস্তে দিয়েছিলেন শচীনের সব তৃপ্তি, সব আনন্দ। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটের হালের সেনসেশন বিরাট কোহলি মুম্বাইয়ের দর্শকদের আচরণে অতিষ্ঠ হয়ে বলেছেন, ‘এই মাঠের দর্শকদের মধ্যে কী যেন একটা সমস্যা আছে। কেন এরা সবাইকে ঘৃণা করে? ভুলে যাওয়া উচিত নয়, আমি দেশের হয়েও খেলি।’ মুম্বাইয়ে তো বর্ণবাদের শিকার হয়েছিলেন অসি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসও। আইসিসি যদি ফিফার মতো শক্তিশালী হতো, তাহলে অনেক আগেই নাকি এই শহরে ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছে একটি ভারতীয় পত্রিকা।